ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকার আবদুল হামিদ বলেছেন, কর্নেল তাহেরের বিচারের রায় নিয়ে সংসদে আলোচনার সময় জিয়াউর রহমানকে খুনি বলা যাবে না।
"আদালতের রায়ে জিয়াকে হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বলায় সংসদে বক্তব্য রাখার সময় তাকে খুনি বলা যাবে না।"
মঙ্গলবার সরকার ও বিরোধী দলের বক্তব্যের প্রেক্ষিতে বুধবার এ রুলিং দেন স্পিকার। সংসদে আদালতের রায় অনুযায়ী বক্তব্য রাখার আহ্বান জানান তিনি।
দুইটি দৈনিকে প্রকাশিত রায়ের পর্যালোচনা তুলে ধরে স্পিকার হামিদ বলেন, তথাকথিত এ বিচার ও ফাঁসি দেওয়ার ঘটনা ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড। এ বিচার ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী জিয়াউর রহমান।
"এটাকে খুনি বলা যাবে না।"
জিয়াউর রহমানের পরিকল্পনায় বিচারের নামে কর্নেল তাহেরকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছিলো বলে মঙ্গলবার রায় দেয় হাইকোর্ট।
কথিত ওই বিচারের বৈধতা নিয়ে করা চারটি রিট আবেদনে এ রায় হয়। সামরিক আদালতে ওই বিচারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টিও বিবেচনা করতে বলেছে হাইকোর্ট।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যূত্থান চলে। এরই এক পর্যায়ে জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
স্পিকারের রুলিংয়ের আগে বিএনপি সাংসদ মাহবুব উদ্দিন খোকন আদালতে বিচারক নিয়োগের সমালোচনা করেন।
কর্নেল তাহের হত্যার রায় দেওয়া বিচারপতির সমালোচনা করে এ বিএনপি সাংসদ বলেন, এই বিচারপতি বাংলাদেশি নাগরিক নন। তার নাগরিকত্ব বিদেশি। এই বিচারপতি এক সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। জাসদের হাসানুল হক ইনুর সঙ্গে ছিলেন। তিনি এ রায় দিয়ে প্রতিশোধ নিয়েছেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় কর্নেল তাহের হত্যার রায়ের কথা উল্লেখ করে সরকারি দলের সাংসদ ইকবালুর রহিম বলেন, জিয়াকে ঠাণ্ডা মাথার খুনি বলে রায় দিয়েছেন আদালত।
এ সময় বিরোধী দলের সাংসদরা হইচই করে এ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানান।
মাগরিবের নামাজের বিরতির পর সংসদে ফিরে বিরোধী দলের হুইপ জয়নাল আবদিন ফারুক কথা বলতে ফ্লোর চান।
এ সময় স্পিকার বলেন, আপনি কী বলবেন তা জানা আছে। সংসদে মার্ডারার বা খুনি যা-ই বলুক তা এক্সপাঞ্জ হয়ে যাবে।
ফারুক অভিযোগ করেন, স্পিকারের রুলিং সত্ত্বেও সাংসদ কটূক্তি করে বক্তব্য রেখে যাচ্ছেন।
সাংসদদের উদ্দেশ্যে আবদুল হামিদ বলেন, এই সংসদ অত্যন্ত পবিত্র স্থান। এর মর্যাদা রক্ষা করা সবার কর্তব্য। আদালত নিয়ে সংসদ সদস্যরা যে ধরনের বক্তব্য দিচ্ছে, কটাক্ষ করছেন তাও ঠিক নয়।
এক পর্যায়ে স্পিকার প্রয়াত রাষ্ট্রপতি দেশের দুইটি পত্রিকার (বাংলা ও ইংরেজি) জিয়াকে নিয়ে আদালতের রায়ের পর্যালোচনা পড়ে শোনান।
"মঙ্গলবার রায়ে বলা হয়েছে তাহেরের তথাকথিত [গোপন] বিচার ও ফাঁসি দেওয়ার ঘটনা ঠাণ্ডার মাথার হত্যাকাণ্ড। ওই বিচার ও হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ছিলেন জিয়াউর রহমান।"
এরপর স্পিকার বলেন, আদালতের রায় অনুযায়ী এটা ঠাণ্ডার মাথার হত্যাকাণ্ড, এটাকে খুনি বলা যাবে না। এটা স্পিকারের রুলিং।
এ সময় বিরোধী দলের সদস্যরা বলেন, এটা সেইম থিং।
স্পিকার বলেন, সেইম থিং না। বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি, সংসদে খুনি বলবেন না। এটা বললে এক্সপাঞ্জ হবে।
বিরোধী দলের হুইপ এ সময় স্পিকারের কাছে আহ্বান জানান, সংসদে যেন চোখ-কান খোলা রাখেন।
আবদুল হামিদ বলেন, আমার চোখ-কান ভালো আছে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা করিয়ে এসেছি। ডান চোখের চেয়ে বাম চোখে [বিরোধী দলের দিকে] আমি ভালো দেখি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০১৫ ঘ.
bdnews24