২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে জেলা পরিষদ গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সরকারের নির্বাচনী ইশতেহারে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পরিষদকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। সে অনুযায়ী ইউনিয়ন, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন আইন সংশোধন করে যুগোপযোগী করা হয়েছে এবং পর্যায়ক্রমে নির্বাচন সম্পন্ন করে জনপ্রতিনিধিত্বশীল স্থানীয় সরকার গঠন করা হচ্ছে। "জেলা পরিষদ গঠনের কার্যক্রমও চলমান রয়েছে। জেলা পরিষদে চেয়ারম্যান নিয়োগ করা হবে।" প্রধানমন্ত্রী জানান, জেলা পরিষদে একজন চেয়ারম্যান, ১৫ জন সদস্য ও সংরক্ষিত আসনের ৫ জন মহিলা সদস্য থাকবে। এ পরিষদের মেয়াদ হবে প্রথম সভার তারিখ থেকে ৫ বছর। সোহরাওয়ার্দী উদ্যান ঘিরে 'সাংস্কৃতিক বলয়' কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে একটি 'সাংস্কৃতিক বলয়' সৃষ্টির জন্য মহাপরিকল্পনার খসড়া গত ১ মার্চ তার (প্রধানমন্ত্রী) কাছে উপস্থাপন করা হয়েছে। তবে এর ধারণাপত্রের কিছু অংশ পর্যালোচনার প্রয়োজন রয়েছে জানিয়ে তিনি বলেন, "এ মাস্টারপ্ল্যান অনুমোদিত হলে প্রকল্প প্রণীত হবে এবং প্রকল্পের কাজ শুরু হবে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে এক ভাষণে স্বাধীনতার ডাক দেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ওই উদ্যানেই আত্মসমর্পণ করে পকিস্তানি বাহিনী। ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তনের পর বঙ্গবন্ধু সেখানেই জনতার উদ্দেশ্যে ভাষণ দেন। এ স্থানের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে গত বছর ১ ফেব্র"য়ারি বইমেলা উদ্বোধন করার সময় এ উদ্যান ঘিরে একটি সাংস্কৃতিক বলয় সৃষ্টির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৮২৪ ঘ.