ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে হাতবোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত হয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ছেলে আখতার হামিদ পবনসহ ছয় জন।
দেলোয়ারের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে বুধবার তার ছেলের বিরুদ্ধে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আকতারুজ্জামানের আদালতে অভিযোগ গঠন হলো।
অভিযুক্ত অন্যরা হলেন- নোয়াখালীর চাটখিল থানা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক, গোলাম সাব্বির সোভন, সাইদ হাসান রনি, সোনাইমুড়ি থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রদীপ সাহা ও বাবু।
বিচারক আগামী ১০ মে এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ঠিক করেছেন।
পবনের পক্ষে অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করা হলেও তা নাকচ করে আদালত।
মামলার শুরু থেকেই ফারুক পলাতক ও পবন জামিনে রয়েছেন এবং অন্য আসামিরা কারাগারে।
আদালতে পবন এবং কারাগারে থাকা অন্য চার আসামিকে অভিযোগ পড়ে শোনানো হলে তারা নিজেদের নির্দোষ দাবি করে বিচার চান।
২০১০ সালের ২৩ ফেব্র"য়ারি গুলশান থানায় এ মামলাটি হয়। পরে পবনসহ অন্যদের মামলার আসামি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এলএন/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24