ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১/১১-এর জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে দায়ী করা উচিত নয় বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
মঙ্গলবার সংবিধানের ত্রয়োদশ সংশোধনী নিয়ে আপিল আবেদনের শুনানিতে আদালত বন্ধু (অ্যামিকাস কিউরি) হিসাবে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ শুনানি হয়।
শুনানিতে অংশ নিয়ে ড. কামাল বলেন, ১/১১ এসেছে তৎকালীন প্রেসিডেন্ট ও তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজউদ্দিনের কারণে। এর জন্য তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে দায়ী করা উচিত নয়। ব্যক্তির কারণে পদ্ধতি বাতিল হতে পারে না।
শুনানিতে আদালত জানতে চান, বিচার বিভাগের স্বাধীনতার মৌল ধারণার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সাংঘর্ষিক কি না?
জবাবে ড. কামাল বলেন, "তত্ত্বাবধায়ক সরকার প্রধান পদে কোন দায়িত্বরত বিচারপতি যান না। অবসরপ্রাপ্ত বিচারপতিরা সেখানে যান। তাই সাংঘর্ষিক হওয়ার কোন কারণ নেই।"
তিনি বলেন, "ব্যক্তির কারণে নয়, প্রতিষ্ঠানের কারণেই প্রধান উপদেষ্টা নির্বাচিত হন।"
তিনি বলেন, নির্বাচন কমিশন শক্তিশালী না হওয়ার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার।
গত ১ মার্চ থেকে সংবিধানে ১৩ তম সংশোধনীর উপর আপিল বিভাগে শুনানি হচ্ছে।
১৯৮৯ সালে প্রেসিডেন্ট হুসাইন মুহম্মদ এরশাদের পতনের পর ঐক্যমত্যের ভিত্তিতে দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়। তবে এর সাংবিধানিক স্বীকৃতি আসে ১৯৯৬ সালে।
আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। ২৭ মার্চ এটি সংসদে পাস হয় এবং ২৮ মার্চ রাষ্ট্রপতি অনুমোদন দেন।
এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমউল্লাহসহ কয়েকজন হাইকোর্টে রিট আবেদন করেন।
২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্টের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ বলে ঘোষণা করা হয়। রায়ে বলা হয়, সংবিধানসম্মতভাবেই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির প্রবর্তন করা হয়েছে।
পরে এই রায়ের বিরুদ্ধে আবেদনকারীদের পক্ষে আপিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/ ২০৫৩ ঘ.
bdnews24