২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ সম্পর্কে সরকার মিথ্যাচার করছে: খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদ্যুৎ সঙ্কট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। অথচ এ বিষয়ে জনগনের দৃষ্টি অন্যত্র সরাতে সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিদ্যুৎ সঙ্কট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে। মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। অথচ এ বিষয়ে জনগনের দৃষ্টি অন্যত্র সরাতে সরকার প্রতিনিয়ত মিথ্যাচার করছে। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী নাগরিক সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস ও বিদ্যুৎ খাতে সরকারের ব্যর্থতা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। জোট সরকারের আমলে জাতীয় বিদ্যুৎ গ্রিডে বিদ্যুৎ সংযোজন ও উৎপাদনের তথ্য তুলে ধরে মোশাররফ বলেন, "বিদ্যুৎখাত নিয়ে মিথ্যা তথ্য দিয়ে মহাজোট সরকার জনগণকে বিভ্রান্ত করছে। আমাদের সময়ে জাতীয় গ্রিডে ১২৭০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন হয়েছে। আরো নতুন বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনায় আমরা অর্থায়ন করেছিলাম। ওই সব প্রকল্প বাস্তবায়ন হলে দেশে কোনো বিদ্যুৎ সঙ্কট থাকতো না।" দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ-গ্যাস ও পানি সঙ্কটের চিত্র তুলে ধরে তিনি বলেন, "এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। তাদের নির্বাচনী অঙ্গীকার তারা ভুলে গেছে। তাই পৌর নির্বাচনে জনগণ তার জবাব দিয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগন পূর্ণাঙ্গ জবাব দেবে।" সংগঠনের উপদেষ্টা নাসিরুল হক সাবু'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বাংলাদেশ জাতীয় পার্টি-মতিন মহাসচিব আবু নাসের মো. রহমতুল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/কেএমএস/১৭২৭ ঘ.