ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার যে অভিযোগ রয়েছে, তা খতিয়ে দেখতে সরকারকে একটি উচ্চ ক্ষমতার কমিটি গঠন করতে বলেছে হাইকোর্ট।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারক, আইনজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, অবসরপ্রাপ্ত বেসামরিক পুলিশ কর্মকর্তাকে ওই কমিটিতে রাখতে বলা হয়েছে।
কথিত সামরিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্নেল আবু তাহেরের বিচারের বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনে রায়ে মঙ্গলবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়।
গঠিত কমিটি বঙ্গবন্ধুর পাশাপাশি তাহেরসহ অসংখ্য মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততার যে অভিযোগ রয়েছে, তাও খতিয়ে দেখবে। আদালত অবিলম্বে এ কমিটি গঠন করতে বলেছে।
তাহেরের বিচারের বৈধতা নিয়ে হাইকোর্টে শুনানিতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের সাংবাদিক লরেন্স লিফসুজ। তাহেরের কথিত বিচারের সময় হংকং থেকে প্রকাশিত ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ'র তৎকালীন দক্ষিণ এশিয়া প্রতিনিধি লরেন্স লিফসুজকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিলো।
লিফসুজসহ অন্যদের বক্তব্য এবং আদালতে উপস্থাপিত বিভিন্ন পুস্তকে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়ার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।
আদালত বলেছে, ইতিহাস ও সত্যের খাতিরে এ বিষয় খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে।
আদালত বলে, ১৯৭৫ সালের ১৫ অগাস্টের পরে জেনারেল জিয়াউর রহমানের স্বাধীনতাবিরোধী অবস্থানের প্রমাণ পাওয়া যায়। তিনি মুক্তিযুদ্ধের স্লোগান মুছে ফেলেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষণের স্থান রেসকোর্স ময়দানকে সোহরাওয়ার্দী উদ্যানে পরিণত করেন এবং সেখানে শিশু পার্ক স্থাপন করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত আরো বলে, কুখ্যাত রাজাকার শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রীর পদ দেন জিয়াউর রহমান। স্বাধীনতাবিরোধী কর্নেল মোস্তাফিজুর রহমানকে দেন মন্ত্রীর পদ। এছাড়া মুক্তিযুদ্ধবিরোধী সেনা কর্মকর্মতাদের উচ্চ পদে আসীন করেন তিনি।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। এরপর সেনাবাহিনীতে অভ্যূত্থান-পাল্টা অভ্যূত্থানের এক পর্যায়ে ৭ নভেম্বর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হন জিয়া।
জিয়াউর রহমান ক্ষমতা নেওয়ার পর তাহেরসহ ১৭ জনকে সামরিক আদালতে গোপন বিচারের মুখোমুখি করা হয়। ১৯৭৬ সালের ১৭ জুলাই রায়ের পর ২১ জুলাই ভোরে কর্নেল তাহেরের ফাঁসি কার্যকর করা হয়।
তাহেরের কথিত বিচারের বৈধতা নিয়ে গত বছর তার ভাই ও স্ত্রী রিট আবেদন করেন। রিট আবেদনের শুনানিতে লিফসুজের বক্তব্য শুনতে চেয়েছিলো হাইকোর্ট। লিফসুজের আসা নিয়ে বিএনপির কয়েকজন নেতা কটাক্ষ করে বক্তব্য রাখেন।
তারা বলেন, সরকার ভাড়াটে সাংবাদিক এনে তাহেরের ঘটনায় জিয়াকে জড়াতে চাইছে।
এর জবাবে আদালত বলেছে, লিফসুজ আদালতের আহ্বানে সাড়া দিয়ে নিজ খরচে বাংলাদেশে এসেছেন। তাকে সরকার আনেনি।
বিচারধীন বিষয়ে বিএনপি নেতাদের এ ধরনের বক্তব্যের উষ্মাও প্রকাশ করেছে আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৭২০ ঘ.
bdnews24