২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ পাপিয়ার আচরণে স্পিকারের ক্ষোভ-হতাশা

বিরোধীদলীয় মহিলা সাংসদ সৈয়দা আশরাফী পাপিয়ার আচরণে স্পিকার আবদুল হামিদ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 02:44 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় মহিলা সাংসদ সৈয়দা আশরাফী পাপিয়ার আচরণে স্পিকার আবদুল হামিদ ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। রোববার সংসদে পাপিয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর বক্তব্য রাখেন। তার নির্ধারিত ১০ মিনিট সময় শেষ হলে বিরোধীদলীয় প্রধান হুইপ পাপিয়াকে আরো তিন মিনিট সময় দেওয়ার আহ্বান জানান। স্পিকার আবদুল হামিদ বিএনপির এই মহিলা সাংসদকে আরো সময় না দিলে তিনি বলে উঠেন, "মাইক দে"। জাতীয় সংসদের সোমবারের অধিবেশনের শুরুতেই বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য দিতে দাঁড়ালে আব্দুল হামিদ তাকে উদ্দেশ্য করে বলেন, "আপনি কিছু বলবেন, তার আগে আমাকে কিছু বলতে দিন।" সরকার ও বিরোধী দলীয় চিফ হুইপকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, "আপনাদের সবাই কার্যপ্রণালী বিধি জানেন। আমি আপনাদের সহযোগীতা নেই। তার মানে এই নয় যে- আপনাদের সব কথা হুবহু তামিল করবো। আমার কথাই চূড়ান্ত।" জয়নুল আবদিন ফারুকের উদ্দেশে আবদুল হামিদ বলেন, "আপনারা আমার প্রতি সহানুভূতি দেখালেন না। কালকে (রোববার) আমাকে আপনাদের একজন সদস্য বললেন, 'মাইক দে'। এই আচরণ দুঃখজনক। আমি তো শুধু স্পিকার নই। আমি তো তার (সৈয়দা আশরাফী পাপিয়া) বাবার বয়সীও।" স্পিকারের বক্তব্যের জবাবে ফারুক বলেন, "রেকর্ডে এ রকম কথা থাকলে আমি তার পক্ষ কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে, তিনি (পাপিয়া) এ কথা বলতে পারেন না।" পরে পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলীয় চিফ হুইপ অভিযোগ করেন, রোববার বিরোধী দলীয় নেতা বিদেশ যাওয়ার সময় বিএনপি'র অনেক সাংসদকে বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করতে দেয়নি। ফারুক এসময় স্পিকারের চিঠির কথাও উল্লেখ করেন। এর জবাবে আব্দুল হামিদ বলেন, এ রকম কোনো ঘটনা ঘটে থাকলে তা দুঃখজনক। তিনি এ অভিযোগের প্রেক্ষিতে পুলিশ এবং বিমানবন্দর কর্তৃপক্ষের এই আচরণ খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি আহবান জানান। এরপর, চিফ হুইপ আব্দুস শহীদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে তারা (আওয়ামী লীগ) যখন বিরোধী দলে ছিলো, তখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একই আচরণের শিকার হয়েছিলেন। কিন্তু, তখন তারা (আওয়ামী লীগ) সংসদে এসে তা বলতে পারেন নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এইচএ/১৮৫৭ ঘ.