ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে শক্তিশালী করে সরকারবিরোধী আন্দোলন জোরদারের লক্ষ্য ঠিক করেছেন দলের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্ব পাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব ফখরুলকেই এ দায়িত্ব পালন করতে হচ্ছে।
বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া রোববার সৌদি আরব যাওয়ার আগে ফখরুলকে মহাসচিবের শূন্যতায় দলের সাংগঠনিক কার্যক্রম দেখভালের দায়িত্ব দিয়ে যান।
দায়িত্ব পাওয়ার পর সোমবার উত্তরায় নিজের বাড়িতে সাংবাদিকদের সঙ্গে নতুন দায়িত্বের বিষয়ে কথা বলেন ফখরুল।
তিনি বলেন, "দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সুসংহত আন্দোলন গড়ে তোলা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে সংগঠনকে শক্তিশালী করাও আমাদের কাছে আরেকটি চ্যালেঞ্জ।"
সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে ফখরুল বলেন, "তাদের (সরকার) স্বৈরাচারী আচরণ প্রতিহত করতে বিএনপিকে আন্দোলন গড়ে তুলতে হবে।"
অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য দলীয় চেয়ারপাসনের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি দুটি অংশে বিভক্ত হলেও এখন দলে কোনো বিভেদ নেই বলে দাবি করেন ফখরুল।
তবে তিনি একইসঙ্গে বলেন, "বিএনপি একটি বৃহৎ দল। বহু মতের সম্মিলন এখানে।"
বিভিন্ন স্থানে দলীয় কোন্দল নিরসনে বিভাগীয় সম্পাদকরা কাজ করছেন বলে জানান ফখরুল।
সা
bdnews24