ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রয়াত মহাসচিবের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বৃহস্পতিবার রাতে তার আরমানিটোলার বাসভবনে যান।
তিনি খোন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সায়েরা হোসেন ও তার সন্তানদের সান্ত্বনা জানান।
এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
সন্ধ্যায় নয়া পল্টনে দেলোয়ারের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর প্রয়াত এই বিএনপি নেতার পুরান ঢাকার বাসভবনে যান বিএনপি চেয়ারপারসন।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে দেলোয়ারের মরদেহ নয়া পল্টন থেকে আরমানিটোলার বাসভবনে এসে পৌঁছালে তার আত্বীয় স্বজন ও বন্ধু-বান্ধবরা কফিনের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন।
চিকিৎসাধীন অবস্থায় বুধবার খোন্দকার দেলোয়ার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গত ৪ মার্চ ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর পাঠানো হয়।
বৃহস্পতিবার বিকালে দেলোয়ারের মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা এসে পৌঁছায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০১৫ ঘ.
bdnews24