ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে বের হওয়ার পর আবার গ্রেপ্তার হয়েছেন ঢাকার ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি নূর মোহাম্মদ। দলের ওই ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যামামলায় আগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
হাজি নূর জামিনে মুক্তি পাওয়ার পর বুধবার সন্ধ্যায় কারা ফটকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার হারুনূর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নূর হাজিকে ভিন্ন একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, এ প্রশ্নের জবাবে পরে দেবেন বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই কারা ফটকে থাকা শেরে বাংলা নগর থানার উপ পরিদর্শক নাজমুল করিমের নেতৃত্বে একটি দল নূর হাজিকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়।
রাজধানীর আগারগাঁও এলাকায় গত ১৪ জানুয়ারি ফজলুল হক সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।
ফজলুল হক নিহত হওয়ার পর চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে পুলিশের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়।
এই ঘটনার সঙ্গে নূর মোহাম্মদ জড়িত থাকতে পারে এমন সন্দেহের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন নূর মোহাম্মদকে ২৭ জানুয়ারি গ্রেপ্তার করে।
এর আগে ৭ জানুয়ারি একই এলাকায় নূর মোহাম্মদ গুলিবিদ্ধ হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২১০৫ ঘ.
bdnews24