২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আপনাকে সংসদে দেখলেই ভালো লাগে'

সংসদে ফেরায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন স্পিকার আবদুল হামিদ। টানা ৭৪ কার্যদিবস বর্জনের পর মঙ্গলবার বিকাল ৫টায় খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি, জামায়াতে ইসলামী ও বিজেপির সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে ঢোকেন। আসন গ্রহণের পর স্পিকার বলেন, "মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনার আগমনে আমি অত্যন্ত আনন্দিত। আপনাকে সংসদে দেখলেই আমার ভালো লাগে। আশা করি আপনাদের আগমনে সংসদ আরো বেশি কার্যকর ও অর্থবহ হবে।" এ পর্যায়ে খালেদা জিয়া বলেন, বিরোধী দল সংসদে এলে তাদের কথা বলতে দেওয়া হয় না। খালেদার অভিযোগের জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, "মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি এ পর্যন্ত পাঁচ দিন এসেছেন। এই পাঁচ দিনে আপনি দুই ঘণ্টা ১৮ মিনিট কথা বলেছেন। আমি কোনো বাধা দেইনি। আমি চাই আপনি প্রতিদিনই আসেন। প্রতিদিন এসে কথা বলেন। আমি তো আপনার অপেক্ষায় ছিলাম।" পরে খালেদা জিয়া তার বক্তব্যে অভিযোগ করেন, এই সংসদের প্রতি সরকারি দলের সাংসদদের আগ্রহ নেই। কোরামের অভাবে একদিন অধিবেশন মুলতবি করতে হয়েছিলো। "আপনি আসার জন্য তো আজকে হাউজ ভরা। আপনি সব সময় আসবেন। দেখবেন হাউজ ভরা", জবাব দেন স্পিকার। সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে যোগ দেয়। নবম সংসদের প্রথম অধিবেশনে যোগ দিলেও বিএনপি দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ ও সপ্তম অধিবেশন টানা বর্জন করে। পঞ্চম অধিবেশনে তারা গেছে মাত্র একদিন। বর্তমান সংসদে সংরক্ষিত মহিলা আসনসহ বিএনপির আসন সংখ্যা ৩৬। এছাড়া তাদের জোট শরিক জামায়াতে ইসলামীর দুটি এবং বিজেপির একটি আসন রয়েছে। সব মিলে চারদলীয় জোটের সংসদ সদস্য ৩৯। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসইউএম/এএল/এইচএ/১৯১৩ ঘ.