ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে অপসারণ দেশের অর্থনীতির ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুল বলেন, "ইউনূসের মতো ব্যক্তিকে সরিয়ে দিয়ে সরকার দেশের অর্থনীতিতে আঘাত হেনেছে, কারণ ক্ষুদ্রঋণের এই ব্যাংকের মাধ্যমে গরিব মানুষের ভাগ্যের উন্নয়ন হয়ে থাকে।"
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক কর্মসূচিতে বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নোবেল বিজয়ী ইউনূসকে ওই পদ থেকে অপসারণের আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এ পদে বহাল থাকার জন্য আইনগত বয়সের চেয়ে তার বয়স বেশি হওয়ায় এ আদেশ জারি করা হয়েছে বলে জানায় বাংলাদেশ ব্যাংক।
শুরু থেকে ইউনূসকে অপসারণের সিদ্ধান্তের সমালোচনা করে আসছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপি নেতা ফখরুল সরকারের কার্যক্রমের সমালোচনা করেন। মহাজোট সরকার 'নতুন লেবাসে একদলীয়' শাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
"তারা (সরকার) শেয়ার বাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুট করে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীদের পথে বসিয়ে দিয়েছে", বলেন ফখরুল।
বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর মুক্তির দাবিতে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পিন্টুর বিরুদ্ধে মামলা 'মিথ্যা এবং প্রতিহিংসামূলক' বলে দাবি করেন মির্জা ফখরুল।
লালবাগ-কামরাঙ্গীরচর-হাজারীবাগ বিএনপির ডাকে দুই ঘণ্টার এ কর্মসূচিতে ওয়ার্ড কমিশনার সাঈদা মোর্শেদ, আশরাফ আলী আজম, জিসাস সভাপতি আবুল হাসেম রানা, উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকসহ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের মামলায় পিন্টুকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24