২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ: এরশাদ

দেশ সঙ্কটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:21 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

কুমিল্লা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ সঙ্কটের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বুধবার কুমিল্লা টাউন হল মাঠে এক জনসভায় তিনি একথা বলেন। এরশাদ বলেন, "অনেক আশা নিয়ে মহাজোটে গিয়েছিলাম। গিয়েছিলাম মানুষের প্রত্যাশা পূরণের জন্য, মানুষকে ভালোবাসি তা প্রমাণের জন্য। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টি এ সমাবেশের আয়োজন করে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, এস এম আলম, ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ সেলিম, অধ্যাপক নূরুল ইসলাম মিলন ও সাংগঠনিক সম্পাদক এইচ এন এম শফিকুর রহমান। এরশাদ বলেন, দেশে গ্যাস নেই, বিদ্যুৎ নেই, পানির অভাব। দ্রব্যমূল্য বাড়ছেই। সর্বশেষ শেয়ার বাজার কেলেঙ্কারিতে লাখে লাখে মানুষ নিঃস্ব এবং সর্বশান্ত হয়ে গেছে। তবে সংবিধানে রাষ্ট্রধর্ম হিসাবে ইসলাম রাখার সিদ্ধান্তের জন্য মহাজোট সরকারকে ধন্যবাদ জানান এই সাবেক রাষ্ট্রপতি। তিনি বলেন, "রাষ্ট্রধর্ম ইসলাম এবং শুক্রবার ছুটি আমরা ঘোষণা করেছিলাম। এ দুটোকে বাদ দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। আমি বলেছিলাম এ দুটোতে হস্তক্ষেপ করলে মহাজোটে থাকতে পারবো না। সরকার সিদ্ধান্ত নিয়েছে সংবিধানে এ দুটি বিষয়ই থাকবে। "এ বিজয় জনগণের বিজয়। এ বিজয় ইসলামের বিজয়। দেশবাসীর বিজয়।" বক্তব্যে এরশাদ জাতীয় পার্টিকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, জীবনের শেষপ্রান্তে এসে প্রমাণ করতে চাই জাতীয় পার্টির ভিত্তি আছে, দেশের মানুষ জাতীয় পার্টিকে ভালোবাসে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে মহাজোট থেকে মনোনয়ন দেওয়া না হলে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার কথাও জানান তিনি। এ সময় এয়ার আহমেদ সেলিমকে দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হবে বলে জানান জাপা চেয়ারম্যান। তিনি বলেন, "দলের খারাপ সময়ে এই ব্যক্তি পাশে ছিলেন। তাকে ছাড়া কুমিল্লার উন্নয়ন সম্ভব নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২১১৩ ঘ.