২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবিরহাটে আ. লীগ প্রার্থী বিজয়ী, ফল প্রত্যাখ্যান বিএনপির

নোয়াখালীর কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন শেষে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল বর্জন করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:39 PM

নোয়াখালী, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর কবিরহাট পৌরসভার স্থগিত কেন্দ্রে নির্বাচন শেষে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল বর্জন করেছে বিএনপি। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কবিরহাট সরকারি কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ব্যালট ছিনতাইয়ের কারণে গত ১৮ জানুয়ারি এ কেন্দ্রের ভোট বাতিল হয়। যদিও অন্য আটটি কেন্দ্রের ফল তখন ঘোষণা হয়েছিলো। সরকারি কলেজ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৩৩০ জন। অন্য আট কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী রায়হান (দেয়াল ঘড়ি) ১৪৮ ভোটে এগিয়ে ছিলেন। সরকারি কলেজ কেন্দ্রের ঘোষিত ফলাফলে দেখা যায়, রায়হান পেয়েছেন ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ফখরুল ইসলাম দুলাল পেয়েছেন ১৫৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরিফুল ইসলাম সাংবাদিকদের জানান, সব মিলিয়ে রায়হান ৪ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর ফখরুল ইসলাম দুলাল পেয়েছেন ৩ হাজার ৭৫৩। নির্বাচনের এ ফল প্রত্যাখ্যান করে বিকালে জেলা শহরের ফকিরপুর এলাকায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের বাড়িতে সংবাদ সম্মেলন করেন দুলাল। সংবাদ সম্মেলনে বলা হয়, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর পুলিশ কেন্দ্রের ভেতর থেকে তার বিএনপি সমর্থিত প্রার্থীর পোলিং এজেন্টকে গ্রেপ্তার করা হয়। ঢুকতে দেওয়া হয়নি বিএনপি সমর্থিত প্রার্থীকে। দুলাল বলেন, "সকাল ১০টার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা আমাকে, আমার স্ত্রী ও প্রধান নির্বাচনী এজেন্ট তাছলিমা আক্তারকে বের করে দেয়।" বিএনপি ওই কেন্দ্রের ভোট বতিল করে সেখানে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২০৪৫ ঘ.