২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদাবাজির অভিযোগের সংবাদ পরিবেশন করায় ...

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে উত্থাপিত ছিনতাই-চাঁদাবাজির অভিযোগের সংবাদ পরিবেশন করায় একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টারকে গালিগালাজ করেছে ওই দুই নেতা ও তাদের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 04:57 PM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে উত্থাপিত ছিনতাই-চাঁদাবাজির অভিযোগের সংবাদ পরিবেশন করায় একটি দৈনিক পত্রিকার বিশ্ববিদ্যালয় রিপোর্টারকে গালিগালাজ করেছে ওই দুই নেতা ও তাদের সমর্থকরা। তারা ফারুক হোসাইন নামের ওই রিপোর্টারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর কেন্টিনের সামনে প্রায় আধ ঘণ্টা সময় আটকে রেখে গালিগালাজ করে। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের হস্তক্ষেপে বিষয়টি সমাধা হয়। ছাত্রলীগের এই দুই নেতা হলো কেন্দ্রীয় সহ-সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ও ঢাবি জহুরুল হক হল শাখার সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত। তাদের সাথে ছাত্রলীগ কর্মী জামিল, আতিক, নাহিদ ও বিপুলসহ ৭-৮ জন ছিল। তারা কয়েকবারই ফারুককে মারতে উদ্যত হয় তবে শেষ পর্যন্ত মারেনি। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহীন ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠুর সামনেই এ ঘটনা ঘটে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান ঘটনাস্থলে এসে ওই প্রতিবেদক ও ছাত্রলীগ নেতাদেরকে তার কার্যালয়ে নিয়ে গিয়ে বিষয়টি মীমাংসা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরবৃন্দ এবং ঢাবি ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানা টিপু ও সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২২৮ ঘ.