২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর গেলেন দেলোয়ার

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2011, 12:53 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি এয়ার অ্যাম্বুলেন্সে করে শাহজালাল বিমানবন্দর ছাড়েন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সেটি সিঙ্গাপুরে পৌঁছায় বলে জানান দেলোয়ারের ছেলে খোন্দকার আব্দুল হামিদ। এর আগে তাকে স্কয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নেওয়া হয়। নিউমোনিয়া আক্রান্ত দেলোয়ারকে গত ২২ ফেব্র"য়ারি ধানমণ্ডির আনোয়ার হোসেন খান মর্ডান হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাকে আনা হয় স্কয়ার হাসপাতালে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় তাকে। বিএনপি মহাসচিবের সঙ্গে থাকা খোন্দকার আব্দুল হামিদ জানান, তার বাবাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে। তিনি নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, ডায়াবেটিস, হৃদরোগে ভুগছেন। অবস্থার উন্নতি হলেও দল ও পরিবারের ইচ্ছায় বিএনপি মহাসচিবকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বলে স্কয়ার হাসপাতালে তার চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান ডা. মির্জা নাজিম উদ্দিন দুপুরে সাংবাদিকদের বলেন, "তার (দেলোয়ার) অবস্থা অনেকটা ভালো। গতরাতে অবস্থা সঙ্কটজনক ছিলো। এখন তিনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন।" "বর্তমানে তার ডায়াবেটিকস নিয়ন্ত্রণে আছে। কিডনি ভালো কাজ করছে। সব কিছুতেই উন্নতি হয়েছে", বলেন তিনি। দুপুরে দেলোয়ারকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপি এবং এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারাও দেলোয়ারকে দেখতে হাসপাতালে যান। বিএনপি মহাসচিব তার আশু রোগমুক্তির জন্য সবার দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫৫ ঘ.