২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির পিতার প্রতিকৃতি: সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপন

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়সহ সব সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের বিধান রাখার প্রস্তাব সম্বলিত সংসদীয় কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতির কার্যালয়সহ সব সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপনের বিধান রাখার প্রস্তাব সম্বলিত সংসদীয় কমিটির প্রতিবেদন বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রতিবেদনটি উপস্থাপন করেন। সাংসদ ইমাজ উদ্দিন প্রামাণিক সংবিধান (পঞ্চদশ সংশোধন)-২০১১ নামে একটি বেসরকারি বিলে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিষয়ে ওই প্রস্তাব সংসদে উত্থাপন করেছিলেন। এ বিল পাস করতে হলে সংবিধানের এ সংক্রান্ত অনুচ্ছেদ সংশোধন করতে হবে। বিলটির উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়, অবিসংবাদিত নেতা হিসাবে জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করে। ১৯৭২ সালে তার নেতৃত্বে রচিত হয় একটি অনন্য সংবিধান। জাতি যাতে তার প্রতি যথাযথ মর্যাদা প্রর্দশন করতে পারে সে জন্য সকল সরকারি-আধাসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন করা প্রয়োজন। কমিটির গত ৮টি সভায় এ বিলের ওপর আলোচনা হয়। এসব বৈঠকে বলা হয়, জাতির জনকের প্রতিকৃতি প্রদর্শনের জন্য সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ সংশোধন করতে হবে। ওই অনুচ্ছেদে বর্তমানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শনের বিধান রয়েছে। বৈঠকে সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১ সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হলে বিএনপির সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া নোট অব ডিসেন্ট দেন। তবে অন্য সদস্যরা জাতির জনকের ছবি প্রদর্শন ও সংরক্ষণের বিধান করার পক্ষে মতামত দিয়ে সংসদে পাস করার মতামত দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/২২০৪ ঘ.