সিলেট, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীর লামাবাজারে এক ট্রাফিক পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নগরীর লামাবাজার এলাকা থেকে পিংকু দাস (১৮) ও রিপন দাস (২৬) নামের দুইজনকে পুলিশ গ্রেপ্তার করে। তারা সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (ট্রাফিক) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে পিংকু ও রিপন একটি রিকশাযোগে লামাবাজার পয়েন্টে ট্রাফিক সংকেত অমান্য করে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য মো. ফারুক হোসেন তাদের বাধা দেন।
এতে পিংকু ও রিপন উত্তেজিত হয়ে ফারুক হোসেনকে মারধর করতে থাকেন।
এসময় জনতা এগিয়ে এসে ফারুককে উদ্ধার করে। জনতার সহায়তায় টহল পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।
রেজাউল করিম জানান, ফারুক হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ফারুক হোসেন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১০৭ ঘ.
bdnews24