২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা সনদ দিন: ইনু

একাত্তরের বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা সনদ দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদ হাসানুল হক ইনু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা সনদ দিতে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আবেদন জানিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের সাংসদ হাসানুল হক ইনু। বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে বীরঙ্গনা নারীদের নিয়ে একটি গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে এ দাবি জানান। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, "আমরা যারা অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি তাদের সনদ দেওয়া হয়েছে। কিন্তু যেসব নারী নিজের সম্ভ্রম বিলিয়ে এ দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রেখেছেন তারা সনদ পায়নি- এটা দুঃখজনক।" তিনি বলেন, "দেশ স্বাধীনের ৪০ বছর পরও তাদের যথাযথভাবে মূল্যায়ন করতে না পারা আমাদের জন্য ব্যর্থতা। "তাই প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে তাদের মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হোক।" এর আগে একাত্তরের রণাঙ্গনের ২৩ জন বীরাঙ্গনার ইতিহাস ও তাদের আলোকচিত্র নিয়ে শফিকুল ইসলাম কাজলের 'অশ্র"ত বীরগাঁথা' নামের ওই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দীপু মনি বলেন, "দীর্ঘ ১২ বছর সারা দেশে ঘুরে ঘুরে অসংখ্য বীরাঙ্গনার তথ্য ও ছবি সংগ্রহ এবং ২৩ বীরাঙ্গনাকে নিয়ে এ ধরনের একটি বই প্রকাশের মাধ্যমে লেখক জাতির দায়বদ্ধতা মোচনের পথে কিছুটা হলেও এগিয়ে এসেছেন।" শফিকুল বলেন, "১৯৯৮ সালে মেহেরপুর সদরে মঞ্জুরা বেগম নামে একজন বীরঙ্গনা মারা যাওয়ার পর কেউ তার জানাযা পড়তে চায়নি। এ ঘটনা আমাকে প্রচণ্ড নাড়া দেয়।" "পরে আমরা কয়েকজন বন্ধু মিলে ওই বীরঙ্গনার জানাযা পড়ে তাকে কবর দেই। এরপর থেকে বীরঙ্গনাদের জীবন-সংগ্রাম নিয়ে একটা কিছু করার চেষ্টা করি। তারই ফল আজকের এ গ্রন্থ," বলেন কাজল। অ্যালবামে যে ২৩ জন বীরঙ্গনা জীবনী সংকলিত হয়েছে তারা হলেন- সিরাজগঞ্জের জয়গুন বিবি, রাজু বালা, রহিমা বেগম, আছিয়া বেগম, আয়েশা আক্তার, আয়মন বিবি, আসিয়া বেগম, বাহাতুন বিবি, হাসিনা বেগম, হামিদা খাতুন, হাজেরা খাতুন, জোছনা বেগম, কমলা বানু, করিমন বিবি, মাহেলা বেগম, মানজুুরা বেগম, নূর জাহান, রাহেলা বেগম, সামিনা বেগম, সুরাইয়া আক্তার ধূলি, সূর্য বানু, হাসনা বানু এবং ঢাকার আনোয়ারা বেগম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক আর্থার আর্কেন উপস্থিত ছিলেন। ৯৬ পৃষ্ঠার এ গ্রন্থটির মূল্য আটশ টাকা। এটি প্রকাশ করেছে দেশের কথা পাবলিকেশন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৫১ ঘ.