ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসদে সরকারের সমালোচনা করেছেন মহাজোটের সাংসদরা।
জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাংসদরা মহাজোটের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
লালমনিরহাট-২ আসনে জাতীয় পার্টির সাংসদ মুজিবুর রহমান মহাজোটের অন্যতম শরীক দল আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে বলেন, "এই সরকারের সাফল্য থাকলেও ব্যর্থতার অভাব নেই। আওয়ামী লীগের অনেকেই দলকে ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার করছে। আমরা চাই- মহাজোট শক্তিশালী হোক। এ রকম করলে মহাজোট টিকবে না।"
জাতীয় পার্টির এই সাংসদ বলেন, "দ্রব্যমূল্য কমাতে হবে। চালের দাম কমাতে আপ্রাণ চেষ্টা করুন।"
প্রত্যেক এলাকা থেকে কমপক্ষে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিও জানান মুজিবুর রহমান।
সরকারদলীয় সাংসদ কামাল আহমেদ মজুমদার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়ে বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কৃত্রিম সংকট সৃষ্টি করছে তাদের কঠোর হাতে দমন করতে হবে।"
সরকার পরিচালনায় কৌশল পরিবর্তনেরও আহবান জানান আওয়ামী লীগের এই সাংসদ।
গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের আ ক ম মোজাম্মেল হক স্থানীয় সরকারকে আরো শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এক কোটি রেশন কার্ড দেওয়ার এবং দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিচারের আলাদা কমিশন করার দাবি জানান।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আরো বক্তব্য দেন- নারায়ণগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সাংসদ নজরুল ইসলাম বাবু, টাঙ্গাইল-৩ আসনের সাংসদ মতিউর রহমান, গাইবান্ধা-২ আসনের সাংসদ মাহবুব আরা গিণি, ময়মনসিংহ-২ হায়াতুর রহমান খান এবং সংরক্ষিত নারী আসনের সাংসদ তহুরা আলী ও নুরজাহান বেগম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২১১৬ ঘ.
bdnews24