২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিয়ন পর্যায়ে ওএমএস চালু হবে: খাদ্যমন্ত্রী

ইউনিয়ন পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2011, 02:53 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পর্যায়ে খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) উদ্যোগ নিয়েছে সরকার। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়ে বলেছেন, নতুন ডিলার নিয়োগের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে ডিলার প্রতি দুই মেট্রিক টন চাল বিক্রি করা হবে। এতে চালের বাজারের ওপর চাপ কমবে। এখন প্রতি উপজেলায় তিন জন করে ওএমএস এর চাল বিক্রির ডিলার রয়েছেন। হাওর এলাকার মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এসব ইউনিয়নে এক জনের পরিবর্তে দুই জন করে ডিলার নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া ন্যায্যমূল্যের (ফেয়ার প্রাইস) কার্ডের মাধ্যমে ঢাকায় সাড়ে পাঁচ লাখসহ দেশের প্রায় সাড়ে নয় লাখ মানুষকে স্বল্পমূল্যে প্রতিমাসে ২০ কেজি করে চাল দেওয়া হবে। এতে ওএমএস'র সমান দামে (কেজিপ্রতি ২৪ টাকা) চাল দেওয়া হবে। সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, "এছাড়া সরকারি চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য রেশনিং চালুর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব কর্মচারীর তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা পাওয়া গেলেই তাদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করা হবে। বিশেষ মূল্যে এ শ্রেণীর সরকারি কর্মচারীরা রেশনের মাধ্যমে চালসহ নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য পাবে।" 'খাদ্যশস্যের মজুদ পর্যাপ্ত' দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, চাল ও গম মিলিয়ে বিভিন্ন সরকারি গুদামে খাদ্যশস্যের মজুদ প্রায় নয় লাখ ১০ হাজার মেট্রিক টন। এর মধ্যে দুই লাখ মেট্রিক টন এখনো চট্টগ্রাম বন্দরে খালাসের অপেক্ষায় রয়েছে। ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল এবং থাইল্যাণ্ড থেকেও চাল আসছে। ইতোমধ্যে ভারত থেকে আরো তিন লাখ মেট্রিক টন চাল সরবরাহের প্রস্তুতি শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা, যোগ করেন তিনি। খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০ ফেব্র"য়ারি পর্যন্ত বিভাগীয় জেলা শহর এবং ঢাকা মহানগর সংলগ্ন জেলা শহর ছাড়া অবশিষ্ট ৫৪টি জেলার মধ্যে ৩৭টি ছোট জেলায় ৯ জন করে এবং ১৭টি বড় জেলায় ১২ জন করে ডিলারের মাধ্যমে ওএমএস'র চাল বিক্রি হচ্ছে। ডিলার সংখ্যা বাড়ানোর ফলে এরপর থেকে ৩৭টি জেলায় ১৪ জন করে এবং ১৭টি জেলায় ১৭ জন করে ডিলার ওএমএস'র চাল বিক্রি করছেন। এর মধ্যে ঢাকা মহানগরে ২৩০ জন, ঢাকা জেলায় ২৫ জন, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলায় ১৫ জন, বিভাগীয় শহর রাজশাহীতে ২৫ জন, রংপুরে ১৫ জন, চট্টগ্রামে ৩৫ জন, খুলনায় ২৫ জন, বরিশালে ১৫ জন ও সিলেটে ২০ জন ডিলার ট্রাকের মাধ্যমে ওএমএস কার্যক্রমের সঙ্গে যুক্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এএল/পিডি/২০৫১ ঘ.