সিলেট, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ডিসেম্বরেই এ সরকারের কোরবানি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াছ আলী।
নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিদুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সিলেট কোর্ট পয়েন্টে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইলিয়াছ আলী বলেন, মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুতের দাম দুই দফা বাড়ানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। দ্রব্যমূল্য সর্বকালের রের্কড ভেঙ্গে আকাশ ছুঁয়েছে।
"এই ধারা অব্যাহত থাকলে আগামী ডিসেম্বরেই এ সরকারের কোরবানি হবে," বলেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, সরকার নিয়মনীতির তোয়াক্কা না করে বিনা টেন্ডারে মন্ত্রী, এমপি তাদের আত্মীয়-স্বজনদের বিদ্যুৎ কেন্দ্র স্থাপণের অনুমোদন দিয়েছে। এসব কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ উচ্চমূল্যে কেনার জন্যও চুক্তি করেছে সরকার।
এসব সিদ্ধান্তের কারণে সরকারকে বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল গফ্ফার, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক আব্দুল কাইয়ূম জালালী পংকি, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল গনি আরেফিন জিল্লুর ও সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদি সমাবেশে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৮৫৮ ঘ.
bdnews24