ঢাকা, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে হাসপাতালে স্থানান্তরে হাইকোর্টের আদেশের ওপর দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
একইসঙ্গে রিটে আবেদনে সংশ্লিষ্ট পক্ষগুলোকে হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে সাত সদস্যের পূূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব উদ্দিন।
গত ৩ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরীর রিট আবেদনে বিএনপি নেতাকে দুই দিনের মধ্যে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়ার আদেশ দেয়।
এর পরদিন সরকারের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এসকে সিনহা হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন।
ফরহাত কাদের চৌধুরী ২ জানুয়ারি রিট আবেদনটি করেন তার স্বামীকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরের বিশেষায়িত হাসপাতালে নেওয়ার নির্দেশ চেয়ে।
ওই আবেদনের প্রেক্ষিতে সালাউদ্দিনকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তির পাশাপাশি প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারকে তার কারণ জানাতে বলে হাইকোর্ট।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে গত ১৬ ডিসেম্বর ভোররাতে গ্রেপ্তার করা হয়। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হলেও পরে একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে আটক দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮৫৮ ঘ.
bdnews24