ঢাকা, ফেব্রুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম মহানগর ছাড়া সারাদেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, "বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। সীমিত আয়ের লোকজনের জীবনব্যয় ব্যাপকভাবে বেড়ে যাবে, কষ্টে পড়বেন তারা। বাড়বে বেকারত্ব, সামাজিক অস্থিরতা। তাই আমরা এ কর্মসূচি দিয়েছি।"
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়নি। তবে বিশ্বকাপ শেষে নতুন কর্মসূচি দেওয়া হবে বলে মোশাররফ জানান।
গত ৮ ফেব্রুয়ারি এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা পর্যায়ে বিদ্যুতের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ১ ফেব্র"য়ারি থেকে এ বর্ধিত মূল্য কার্যকর করেছে সরকার ।
মোশাররফ বলেন, "জোট সরকালের আমলে মাত্র দুইবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, সেখানে বর্তমান সরকার ক্ষমাতায় আসার পর এ নিয়ে দুইবার বিদ্যুতের দাম বাড়িয়েছে।"
বিদ্যুৎ সঙ্কট সমাধানে সরকারের গৃহীত পরিকল্পনা 'ভ্রান্ত' বলে দাবি করেন সাবেক জ্বালানিমন্ত্রী মোশাররফ।
তিনি বলেন, "ক্ষমতাসীন দলের অব্যবস্থাপনাকে সমর্থন দিতে এনার্জি রেগুলেটরি কমিশন এ মূল্য বৃদ্ধি করেছে। গণশুনানির মাধ্যমে তারা মূল্য বৃদ্ধি না করায় এটা প্রতিনিধিত্বশীল ছিলো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে জনস্বার্থকে বিবেচনা করা হয়নি।"
উচ্চ মূল্যে আইপি, এসআইপিপি, রেন্টাল ও কুইক পাওয়ার স্টেশন থেকে সরকারের বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনায় বিদ্যুতের সরবরাহ ব্যয় আরো বাড়বে বরে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মোশাররফ বলেন, "এর ফলে বৈদেশিক মুদ্রার বিপুল পরিমাণ অর্থ বিদ্যুৎ ক্রয় বাবদ পরিশোধে করে সরকার অক্ষম হয়ে পড়বে।"
সরকারের প্রণীত ২০২১ রূপকল্পে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি পরিকল্পনা দেশের জন্য ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ, অপরিকল্পিত এবং অসমর্থনযোগ্য প্রকল্প বলে মন্তব্য করেন তিনি।
সম্মেলনে দাবি করা হয়, ২০০৬ সালে জোট সরকারের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান, ২০০৬-০৮ এবং ২০০৮-১০ সালে দুইটি তিন বছর মেয়াদি বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের রোলিং প্ল্যানের ধারাবাহিকতা রক্ষা করলে বিদ্যুতের বর্তমান সঙ্কট হতো না। যদিও বর্তমান সরকার বিদ্যুৎ সঙ্কটের জন্য চারদলীয় জোট সরকারের সময় কাজ না হওয়াকেই দায়ী করে আসছে।
মোশাররফ বলেন, জোট সরকারের পরিকল্পনা অনুয়ায়ী মোচাই, আশুগঞ্জ ও এলেঙ্গাতে তিনটি পাইপ লাইন কম্প্রেসার স্টেশন নির্মিত হলে বর্তমানে গ্যাস সঙ্কটও থাকতো না।
দেশে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনে সরকারি সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে তিনি বলেন, "তরল জ্বালানিনির্ভর এসব পরিকল্পনার ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে। বাংলাদেশ জ্বালানি ঝুঁকির দিকে এগোবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, আ ন হ আখতার হোসেন, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএন/এমআই/১৫৪৫ ঘ.
bdnews24