২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনকে 'বেআইনি গ্রেপ্তার' না দেখানোর নির্দেশ

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে আইন-বহির্ভূতভাবে আর গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে আইন-বহির্ভূতভাবে আর গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত একইসঙ্গে জামিন পাওয়ার পর নতুন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো কেন আইন-বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানাতে চার সপ্তাহ দিয়েছে। পুলিশের আইজি, চাঁদপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট এবং কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আটজনকে এর জবাব দিতে বলা হয়েছে। এহসানুল হক মিলনের করা এক রিট আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। রিটটি মঙ্গলবাই করা হয়। রিট আবেদনকারীর আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এহসানুল হক মিলনের বিরুদ্ধে বর্তমানে ২২টি মামলা রয়েছে। এর মধ্যে ২১টিতে তিনি জামিনে রয়েছেন। সরকার পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল করুণাময় চাকমা। গত বছরের ১৪ মার্চ থেকে এহসানুল হক মিলন কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০১০ ঘ.