সাতক্ষীরা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় হিজবুত তাওহীদের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালত থেকে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এ সময় তার কাছ থেকে মোহাম্মদ বায়াজীদ খান পন্নীর লেখা 'দাজ্জাল? ইহুদি-খ্রিস্টান সভ্যতা !' নামের একটি বই ও পাঁচটি ২০১১ সালের ডেস্ক ক্যালেন্ডার উদ্ধার করে পুলিশ।
আটক মোসলেম আলী (৪১) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দাঁতপুর গ্রামের মোকছেদ আলী মিস্ত্রির ছেলে।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন জানান, মোসলেম দুপুরে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারককে বই ও ২০১১ সালের ক্যালেন্ডার দিতে যান। বিচারক শরিফ উদ্দীন আজাদ সে সময় তাকে আটক করার জন্য পুলিশকে নির্দেশ দেন।
ওসি জানান, পরে তাকে পুলিশ সুপারিনটেনডেন্ট কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে থানায় নিয়ে আসা হয়েছে।
মোসলেম আলী সাংবাদিকদের জানান, তিনি হিজবুত তাওহীদের একজন সদস্য। সকালে তিনি জেলা প্রশাসক (ডিসি) মো. আব্দুস সামাদকে একই বই ও ক্যালেন্ডার দেন। পরে বিচারক শরিফ উদ্দীন আজাদকে বই ও ক্যালেন্ডার দিতে গিয়েছিলেন। এসময় তিনি এজলাসে বসা ছিলেন।
হিজবুত তাওহীদের সাতক্ষীরা জেলা সভাপতি মোফাজ্জেল হোসেনের নির্দেশে তিনি এই বই ও ক্যালেন্ডার দিতে এসেছিলেন বলে মোসলেম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24