২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিসিসি নির্বাচন: সহিংসতার তদন্ত শুরু

চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কিছু কেন্দ্রের ফল প্রকাশে বিলম্ব এবং ফল ঘোষণা নিয়ে কেন্দ্রের বাইরে সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2011, 07:23 AM

Updated : 24 Aug 2022, 02:34 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) নির্বাচনে কিছু কেন্দ্রের ফল প্রকাশে বিলম্ব এবং ফল ঘোষণা নিয়ে কেন্দ্রের বাইরে সহিংসতার বিচার বিভাগীয় তদন্ত শুরু হচ্ছে। মঙ্গলবার পৌনে বারটার দিকে এ ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির একমাত্র সদস্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম এলাকা ঘুরে দেখেন। চট্টগ্রাম বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার এজহারুল হক, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন। গত বছর ১৭ জুন সিসিসি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম আওয়ামী লীগের মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৫ হাজারের ভোটের ব্যবধানে পরাজিত করেন। কিন্তু নির্বাচনে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণার সময় নগরীর এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ কক্ষের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা হয়। ৬৭৩টি কেন্দ্রের মধ্যে ৬০টির ফল ঘোষণার পর বাকিগুলোর ফল ঘোষণায় বিলম্ব ঘটে। সহিংসতা ও বিলম্বের কারণ খতিয়ে দেখার জন্য পরে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সিসিসি মেয়র এম মনজুর আলমের ভাষ্য নেবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম। কমিটি বুধবার পরাজিত প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ও সেসময় দায়িত্বপালনকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলীর বক্তব্য নেবেন। নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম জানান, ওই ঘটনা নিয়ে কোনো প্রত্যক্ষদর্শী অভিযোগ বা তথ্য দিতে চাইলে লিখিত আবেদনের মাধ্যমে তা জানিয়ে কমিটির মুখোমুখি হতে পারবেন। এজন্য তাদেরকে জেলা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করতে হবে বলে জানান খোরশেদ আলম। কমিটির সদস্য বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রামে থাকবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস