ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটির গ্রহণযোগ্যতার শুনানি সপ্তমবারের মতো পিছিয়েছে।
আসামি পক্ষের এক আবেদনে বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক আগামী ১ মার্চ মামলাটির গ্রহণযোগ্যতার (আমলে নেওয়ার) শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।
তারেক ও মামুনের আইনজীবীরা আদালতকে বলেন, অর্থ পাচারের এ মামলা ২০০৯ সালের আইনের পরিবর্তে ২০০২ সালের আইনে চলতে পারে বলে মত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। কিন্তু ওই আদেশের সত্যায়িত কপি তারা এখনো পাননি।
দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ৬ জুলাই এ মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দেয়।
অভিযোগপত্রে বলা হয়, তারা দুজন যোগসাজশ করে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত ২০ কোটি ৪১ লাখ টাকা সিঙ্গাপুরে পাচার করেন।
দেশে জরুরি অবস্থা জারির পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে ওই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন।
তারেকের বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে অন্তত ১৪টি মামলা বিচারাধীন। তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন বর্তমানে কারগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৭৫৫ ঘ.
bdnews24