ঢাকা, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব শত্র"তার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের দুই ছাত্রলীগকর্মীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ।
মঙ্গলবার রাত ৯টার দিকে ক্যাম্পাস সংলগ্ন শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়।
আহতরা হলের জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাতের অনুসারী কবির হোসেন (অর্থনীতি তৃতীয় বর্ষ) ও কামরুল (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, তৃতীয় বর্ষ)।
এদের মধ্যে কামরুলকে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবিরকে ঢাকা মেডিকেলে চিকিৎসার পর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
দুজনকে চাপাতি বা চাকু জাতীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে বলে ডিএমসি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রকীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ছাত্রলীগকর্মীরা জানায়, মুহসীন হলের ছাত্রলীগকর্মী জহুরুল ইসলাম প্রিন্সের (ভাষা বিজ্ঞান, তৃতীয় বর্ষ) সঙ্গে সাত-আটদিন আগে কামরুলের ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে কামরুলের ওপর হামলা হয়। আর কামরুলের সঙ্গে থাকায় হামলার শিকার হয় কবিরও।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে কামরুল ও কবির জহুরুল হক হলের এক অসুস্থ ছাত্রকে দেখতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যান। মেডিকেল সেন্টার থেকে বেরিয়ে আসার পর তাদের শহীদ মিনার এলাকায় ডেকে নেয় প্রিন্স ও তার অনুসারীরা। এরপর সেখানেই কুপিয়ে আহত করা হয় দুজনকে।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কামরুলের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলামের কাছে অভিযোগ দিয়েছে।
আহত দুজনকে দেখতে রাতে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। হামলাকারীদের শাস্তি দেওয়া হবে বলেও সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
'হামলাকারী' প্রিন্সরা মুহসীন হলের ছাত্রলীগ সভাপতি মুহাম্মদ আলীর সমর্থক বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
এ বিষয়ে আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্ধুদের মধ্যে বিরোধের ফলে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে আমার বা ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.
bdnews24