ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের ক্ষমতা শুধু সংসদের।
মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়ার লিখিত প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শফিক আহমেদ জানান, আদালত রায়ের মাধ্যমে সংবিধান পরিবর্তন, পরিমার্জন ও সংশোধন করার ক্ষমতার রাখে না।
"গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের জন্য সংবিধান সংশোধন করার ক্ষমতা কেবল সংসদের আছে।"
তবে জাতীয় সংসদ কর্তৃক প্রণীত কোনো সংবিধান সংশোধনী আইন সংবিধানের মূল কাঠামো বা মৌলিক অধিকার পরিপন্থী হলে আদালত সংবিধানের ৪৪ এবং ১০২ অনুচ্ছেদ অনুযায়ী সেই সংবিধান সংশোধনী আইনকে বাতিল ঘোষণা করতে পারে- জানান আইনমন্ত্রী।
তিনি বলেন, "তাছাড়া অসাংবিধানিক বা সামরিক ফরমান দ্বারা সংবিধানের কোনো বিধান অন্তর্ভুক্ত করা হলে আদালত তা বাতিল ঘোষণা করতে পারে। আদালত রায়ের দ্বারা সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের ক্ষমতা রহিত করে না।"
রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সংসদকে জানান, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স কাজ করছে।
"ইতিমধ্যে ২/১ জন আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে," বলেন শফিক আহমেদ।
ময়মনসিংহ-৫ আসনের সাংসদ কে এম খালিদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ছুটির দিনগুলোতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যক্রম চালু থাকে। তবে ছুটির দিনে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলার সব ম্যাজিস্ট্রেট আদালতগুলোর দায়িত্ব পালন করেন।
২৭৮ মামলা যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে
কুমিল্লা-৮ আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে শফিক আহমেদ জানান, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এ পর্যন্ত সারাদেশে দুশ ৭৮টি মামলা করা হয়েছে। এর মধ্যে একশ ৯৩টি মামলার নথি [যুদ্ধাপরাধ] তদন্ত সংস্থা পেয়েছে।
এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন আমলী আদালত থেকে ৩৫টি নালিশী দরখাস্ত ও দেশের বিভিন্ন স্থান থেকে ৩১টি দরখাস্ত [যুদ্ধাপরাধ] তদন্ত সংস্থা পেয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৪৯ ঘ.
bdnews24