২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার জেলার মেয়রদের শপথ

চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2011, 09:03 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান নব নির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান। এ সময় চট্টগ্রাম জেলার নয় জন ও তিন পার্বত্য জেলার পাঁচজনসহ মোট ১৪ জন পৌর মেয়রের সবাই উপস্থিত ছিলেন। সংরক্ষিত ৪২ জন কাউন্সিলর এবং ১২৫ জন সাধারণ কাউন্সিলরও শপথ বাক্য পাঠ করেন। শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাউজানের পৌর মেয়র আবদুল্লাহ আল আহসান সাংবাদিকদের বলেন, "এলাকার জনগণকে যে উন্নয়নের আশ্বাস দিয়ে নির্বাচিত হয়েছি আশাকরি তা পূরণ করতে পারব।" তবে আশাবাদের পাশাপাশি কিছু আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "রাউজানের বাস্তবতা আর দশটা উপজেলার মত নয়। এখানে সন্ত্রাসসহ নানা সমস্যা রয়েছে।" তবে সবার সহযোগিতায় সঙ্কট কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। রাঙ্গামাটি থেকে নির্বাচিত দুই মহিলা কাউন্সিলর জয়গুন বেগম ও রোকসানা খান সাংবাদিকদের বলেন, নানা সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে নির্বাচিত হয়েছি তাই নারীদের অধিকার সংরক্ষণে কাজ করব। নারী কাউন্সিলররা বঞ্চিত উল্লেখ করে জয়গুন বেগম বলেন, "তিনটি ওয়ার্ড মিলে একজন নারী কাউন্সিলর কিন্তু আমরা পুরুষদের চেয়ে প্রায় সব খাতেই কম বরাদ্দ পাই।" গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলার ১৪টি পৌরসভায় ১৪টি মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। পাশাপাশি ৪২ টি সংরক্ষিত কাউন্সিল ও ১২৬টি কাউন্সিলর পদেও নির্বাচন হয়। বারৈয়ারহাট পৌরসভার একটি কাউন্সিলর পদে এখনো নির্বাচনের ফলাফল ঘোষিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/১৪৫৫ ঘ.