২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসমিল্লাহ সাংঘর্ষিক নয়: আইনমন্ত্রী

পুনর্মুুদ্রিত সংবিধানে 'ধর্ম নিরপেক্ষতা' এবং 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' একসঙ্গে থাকলেও তা সাংঘর্ষিক হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 03:04 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্মুুদ্রিত সংবিধানে 'ধর্ম নিরপেক্ষতা' এবং 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' একসঙ্গে থাকলেও তা সাংঘর্ষিক হবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সোমবার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো- পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের আলোকে পুনর্মুদ্রিত সংবিধানে 'ধর্ম নিরপেক্ষতা' ও 'বিসমিল্লাহির রাহমানির রাহিম' একসঙ্গে থাকলে তা সাংঘর্ষিক হবে কি না। জবাবে তিনি বলেন, আমার মনে হয় না এ দুটি বিষয় একসঙ্গে থাকলে তা সাংঘর্ষিক হবে। অবশ্য পুনর্মুদ্রিত সংবিধানের কপি এরই মধ্যে জাতীয় সংসদের সব সদস্যের কাছে পাঠানো হয়েছে জানিয়ে শফিক আহমেদ বলেন, "এতে কোনো স্ববিরোধিতা আছে কিনা, তা সংসদই দেখবে।" এর আগে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএইড বিষয়ক রাষ্ট্রদূত জেমস মিশেল একটি প্রতিনিধি দলসহ মন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠক প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, "বাংলাদেশের বিচার ব্যবস্থার বিরাজমান সমস্যা, মামলা ও আদালত ব্যবস্থাপনা, আদালতে মামলা জট দূর করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তিসহ বিচারকদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।" এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস মিলেছে বলেও জানান তিনি। পঞ্চম সংশোধনী বাতিলসহ আদালতের দেওয়ার রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ প্রসঙ্গে শফিক আহমেদ বলেন, মূল চার নীতির ভিত্তিতে এ পুনর্মুদ্রণের কাজ হয়েছে। তবে এ বিষয়ে আরো বাছাই বা পরীক্ষা করে চূড়ান্ত সংশোধনী প্রস্তাব তৈরি করবে জাতীয় সংসদের বিশেষ কমিটি। তাদের সংশোধনী প্রস্তাবটি সংসদে উঠবে। সংসদই সিদ্ধান্ত নেবে- কতটুকু রাখা হবে বা হবে না। এ এখতিয়ার সংসদেরই। সংবিধানে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/২১০৪ ঘ.