২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদকে 'মিশরের' অসুখে ধরেছে: নাসিম

বিএনপি নেতা মওদুদ আহমেদকে 'মিশরের' অসুখে ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমেদকে 'মিশরের' অসুখে ধরেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। তিনি বলেন, "বিএনপি গণতন্ত্রকে ঝুকির মুখে নিয়েছে। শুধু মওদুদ নয়, পুরো বিএনপিকে মিশর ফোবিয়ায় ধরেছে।" সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ঢাকা জেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি একথা বলেন। মিশরের মতো গণবিস্ফোরণ বাংলাদেশেও ঘটতে পারে বলে গত শনিবার সরকারকে সতর্ক করেন মওদুদ আহমেদ। এর দু'দিন পরই আওয়ামী লীগের কার্য নির্বাহী পরিষদের সদস্য নাসিম এই মন্তব্য করলেন। নাসিম বলেন, "বিএনপির অনেক নেতাই এখন হরতালে বিশ্বাস করেন না। ফলে হরতালের দিন তারা মাঠে থাকেন না।" বিএনপি হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি ও জিনিসপত্রের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শেয়ার বাজারে 'সত্যিকারের' বিনিয়োগকারীদের পাশে অর্থমন্ত্রীকে দাঁড়াতে অনুরোধ করে মোহাম্মদ নাসিম বলেন, "শেয়ার বাজার স্থিতিশীল রাখতে পদক্ষেপ গ্রহণ করুন, এতে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রকারীরা থেমে যাবে।" '১৫ ফেব্র"য়ারি প্রহসনের নির্বাচন ও জননেত্রী শেখ হাসিনার গণতন্ত্র' শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আকরাম হোসেন। এতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি পিযুষ বন্দোপাধ্যায়, কৃষক লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম, জোটের যুগ্ন-সাধারণ সম্পাদক অরুণ সরকার বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/পিডি/১৮০৩ ঘ.