২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকা চৌধুরীর জামিনের সুযোগ নেই: কামরুল

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সালাউদ্দিন কাদের চৌধুরীর জামিনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। সংসদ সদস্য সালাউদ্দিনকে সংসদে ফেরাতে বিএনপির যে দাবির কথা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সচিবালয়ে এ কথা বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য ও প্রসিকিউটরদের সঙ্গে বৈঠকের পর কামরুল সাংবাদিকদের বলেন, "সালাউদ্দিন কাদের চৌধুরীকে সংসদের ফিরিয়ে আনার ব্যাপারে বিএনপির দাবির বিষয়টি স্পিকারের ব্যাপার। তবে সালাউদ্দিন কাদের যে মামলায় আটক আছেন, তাতে জামিনের কোনো সুযোগ নেই।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিনকে গত ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। যুদ্ধাপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সদস্য ও প্রসিকিটরদের সহায়তা (লজিস্টিক সাপোর্ট) বাড়ানোর বিষয়ে বৈঠকে আলোচনা হয় বলে প্রতিমন্ত্রী জানান। বিভিন্ন জনের বিরুদ্ধে তদন্ত অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, "কয়েকজনের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হবে। কারাগারে আটক ও বাইরে আছেন, এমন কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ আনা হবে।" তবে কতদিনে মধ্যে এবং কত জনের বিরুদ্ধে অভিযোগ আনা হবে- তা স্পষ্ট করেননি প্রতিমন্ত্রী। "তদন্তের স্বার্থে এ সব তথ্য দেওয়া যাবে না", বলেন তিনি। সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদসহ তদন্ত সংস্থার সদস্য ও প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৫৩০ ঘ.