ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের নড়িয়ায় ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তারের লাশের দুই ময়নাতদন্ত প্রতিবেদনের অমিল তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ফতোয়ার ঘটনা আর যেন না ঘটে, তার ওপর নজর রাখতে বলা হয়েছে আইজিপিকে। ব্যবস্থা নিতে বলা হয়েছে নড়িয়া থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
হেনার বাবা দরবেশ আলী, বোন মিনু বেগমসহ কয়েকজনের বক্তব্য শোনার পর হাইকোর্টের বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের বেঞ্চ বৃহস্পতিবা এ আদেশ দেয়।
তলব করা স্থানীয় ইউপি সদস্য ইদ্রিস আলীকে আদালতের আদেশে গ্রেপ্তারও করা হয়েছে।
হাইকোর্টের আদেশে এদিন আদালতে হেনার পরিবারের দুই সদস্য ছাড়াও উপস্থিত হন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, উপপরিদর্শক আসলাম উদ্দিন মোল্লা, জেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম সারওয়ারসহ চার ডাক্তার, চামটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস আলী শেখ।
গত ২৪ জানুয়ারি নড়িয়া উপজেলার চামটা গ্রামে সালিসে দেওয়া ফতোয়ার পর নির্যাতনের শিকার হেনা আক্তার (১৪) গত ৩১ জানুয়ারি মারা যায়।
হেনার মৃত্যুর পর তার বাবা থানায় একটি হত্যা মামলা করেন। এতে ১৮ জনকে আসামি করা হয়। হেনার সঙ্গে চাচাত ভাই মাহবুব হোসেনের সম্পর্কের ঘটনায় ওই সালিশ বসে। মামলার প্রধান আসামি মাহবুবসহ পাঁচজনকে এর আগে গ্রেপ্তার করা হয়।
প্রথম ময়নাতদন্তে হেনার দেহে নির্যাতনের কোনো চিহ্ন না পাওয়ার কথা বলা হলে সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেয়। ঢাকায় নতুন ময়নাতদন্তে নির্যাতনের প্রমাণ মেলে।
দুই ময়নাতদন্ত প্রতিবেদনে অমিল থাকায় বিষয়টি খতিয়ে দেখতে বৃহস্পতিবার স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করতে বলা হয়েছে।
কমিটিতে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, সম্মিলিত সামরিক হাসপাতালের প্রতিনিধি এবং আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।
হেনার প্রথম ময়নাতদন্তকারী শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নির্মল চন্দ্র দাস, হোসনেয়ারা বেগম ও রাজেস মজুমদারের কোনো গাফিলতি ছিলো কি না, তা তদন্ত কমিটি খতিয়ে দেখবে।
ভবিষ্যতে ময়নাতদন্তের ক্ষেত্রে যেকোনো ভুল এড়াতে সুপারিশমালা তৈরি করতেও তদন্ত কমিটিকে বলা হয়েছে।
কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে উচ্চ আদালত।
পুলিশ বিভাগের প্রতিও বেশ কয়েকটি নির্দেশ দিয়েছে আদালত। হেনার সুরতহাল প্রতিবেদন যিনি তৈরি করেছেন, সেই উপপরিদর্শক আসলাম এবং এজাহার নথিভুক্তকারী উপপরিদর্শক মির্জা একে আজাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে।
দেশে ফতোয়ার কোনো ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে ব্যক্তিগত পর্যায়েও নজরদারি করতে পুলিশ প্রধানকে বলা হয়।
হেনার পরিবারের নিরাপত্তা নিশ্চিতে শরীয়তপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নড়িয়া থানার ওসিকে নির্দেশ দিয়েছে আদালত। যারা ফতোয়া দিয়েছে এবং দোররা মেরেছে, তাদের বিরুদ্ধে নতুন মামলা করতে বলেছে হাইকোর্ট।
মামলার অন্য আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশও দেওয়া হয়।
এসবের পাশাপাশি ফতোয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এদিন নির্দেশ দেয় উচ্চ আদালত।
ফতোয়া যে একটি অপরাধ- তা তুলে ধরে তথ্য মন্ত্রণালয়কে প্রচার চালাতে বলা হয়েছে। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও ইউপি কার্যালয়ে ফতোয়াবিরোধী প্রচার চালানোর ব্যবস্থা নিতে ধর্ম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে।
গত বছরের ৮ জুলাই ফতোয়ার নামে স্থানীয় সালিশে বিচারবহির্ভূত শাস্তি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে বলা হয়, এ ধরনের শাস্তি প্রদান ও কার্যকরে জড়িত, উপস্থিত ও সহায়তাকারী ব্যক্তি ফৌজদারি অপরাধ ও শাস্তির আওতায় আসবে।
ওই রায়ের সূত্র ধরেই আদালত এসব আদেশ দেয়।
হাইকোর্টের এ আদেশের পর হেনা আক্তারের বাবা দরবেশ খাঁ সাংবাদিকদের বলেন, "মামলা দায়েরের সময় আমি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ করলেও পুলিশ তা লেখেনি।"
তিনি বলেন, "ওই দিন গামছা পাকিয়ে দোররা তৈরি করা হয়েছিল। পরে দোররাটি পানিতে ভিজিয়ে মাথায় গিট্টু দিয়ে মারা শুরু করে।"
তিনি জানান, স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ইসলাম দোররা মারার রায় দেন।
বাবা দরবেশ ওই দিনের ঘটনা সম্পর্কে আদালতে বলেন, সালিশে মাওলানা সাইফুল বলেছিলেন, "আগে এ ধরনের অপরাধের জন্য পাথর মারা হতো। তবে এখন সে নিয়ম নেই। এখন মেয়েকে ১০১ দোররা এবং ২০১টি দোররা মারা হোক। সেইসঙ্গে ছেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করা হোক।
এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, "বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয় গ্রামের নারীরা। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে বিষয়টি প্রতিনিয়ত আমার বিবেককে দংশন করে।"
তিনি বলেন, ফতোয়ার মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে না। দেশে আইন-আদালত আছে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। কোনো অন্যায় হলে বিষয়গুলোকে দেখা তাদের দায়িত্ব। এখানে সামাজিক সালিশকারীরা থাকলে আদালতের গুরুত্ব কমে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এমআই/এইচএ/২০০২ঘ.
bdnews24