২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার ভোরে রাজধানী ও টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাত এবং এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মঙ্গলবার ভোরে রাজধানী ও টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ডাকাত এবং এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সংসদ সদস্য শাহীদা তারেক দীপ্তি এবং আওয়ামী লীগ নেতা আলী নেওয়াজ খানের বাসায় ডাকাতির সঙ্গে তারা জড়িত বলে দাবি করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তাকৃতরা হলেন- লাল মিয়া (২৮), মাসুদ হাওলাদার (২৩), মো. ফারুক (২৫) এবং স্বর্ণ ব্যবসায়ী রাসেদুল ইসলাম মিলন (২৬)। ডিবির উপপুলিশ কমিশনার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, গত ৮ জানুয়ারি পল্লবীতে সংসদ সদস্যের বাসায় এবং ১২ জানুয়ারি মালিবাগ চৌধুরীপাড়ায় আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতি হয়। এসব ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা হলে ডিবি তদন্তের দায়িত্ব নেয়। তদন্ত করতে গিয়ে গত মঙ্গলবার ভোরে কল্যাণপুর থেকে লাল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মিরপুর থেকে মাসুদ, গাজীপুরের জয়দেবপুর থেকে ফারুক এবং টঙ্গী থেকে রাসেদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ৮৫ ভরি স্বর্ণালঙ্কার এবং স্বর্ণের বার উদ্ধার করা হয়। গ্রেপ্তার লাল মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, পল্লবীতে সংসদ সদস্যের বাসায় ডাকাতির ঘটনায় তারা ৭ জন যুক্ত ছিলেন। বাড়ির ভেতরে ৫ জন ডাকাতি করতে ঢুকে আর বাইরে দুইজন পাহারায় ছিলেন। এছাড়া মালিবাগের বাসায় ডাকাতির সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা আছে বলে স্বীকার করেন তিনি। গ্রেপ্তার ফারুক জানান, তিনি শুধু মালিবাগে আওয়ামী লীগ নেতার বাসায় ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। ওই ডাকাতির ঘটনায় লালমিয়াসহ পাঁচজন যুক্ত ছিলো বলে তিনি জানান। লাল মিয়া বলেন, "বিল্লাল ও সাইফুল তাদের দলনেতা। তারাই মূল ডাকাতির ঘটনা ঘটায়।" স্বর্ণ ব্যবসায়ী রাসেদুল ইসলাম জানান, তিনি সরাসরি চোরাই স্বর্ণ কিনেন না। অন্যের মাধ্যমে কিনেন। উপপুলিশ কমিশনার মাহবুবুর জানান, উদ্ধার করা স্বর্ণালঙ্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্যে পরিমাণ স্বর্ণালঙ্কার সংসদ সদস্যের বলে সনাক্ত করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/এলএইচ/এমইউএস/এমআই/১৫১০ ঘ.