২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ বিএনপির

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তারা বলছে, এতে জনদুর্ভোগ চরমে উঠবে। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 07:52 AM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বিএনপি। তারা বলছে, এতে জনদুর্ভোগ চরমে উঠবে। বুধবার ঢাকায় এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, "বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সব পণ্যের দাম বাড়বে। এতে জনসাধারণ দুর্ভোগ আরো প্রকট হবে। আমরা এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানাচ্ছি।" প্রতি ইউনিট বিদ্যুতের খুচরা দাম অন্তর্বর্তী সময়ের জন্য গড়ে ৪ টাকা থেকে ৫ শতাংশ বাড়িয়ে ৪ টাকা ২০ পয়সা নির্ধারণ করেছে সরকার। বর্ধিত এ দাম ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হবে। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর উদ্যোগে 'বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলন : ঐতিহাসিক কাগমারী সম্মেলন' শীর্র্ষক ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন আনোয়ার। সাবেক এ মন্ত্রী বিদ্যুতের মূল্য বৃদ্ধির সমালোচনা করে বলেন, "এর ফলে দেশের সব শিল্পকারখানা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। কারণ পণ্যের উৎপাদিত খরচ বেড়ে গেলে তা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে না।" বিনা দরপত্রে বিদ্যুৎ প্রকল্প করার নামে সরকার সংসদে আইন পাস করে দলীয় লোকজনকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ করেন আনোয়ার। তিনি বলেন, "রেন্টাল পাওয়ার প্ল্যান্ট এর মাধ্যমে দলীয় লোকজন বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করে তা বিক্রি করবে। এর ফলে বিদ্যুতের অতিরিক্ত দাম জনগণের পকেট থেকে নেবে সরকার।" বিদ্যুতের দাম শতকরা ৫ ভাগ বৃদ্ধির কথা বললেও আগামীতে সরকার তা ৫০ ভাগে উন্নীত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সংসদে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য বলেন, "সংসদে বিরোধী দলের বিরুদ্ধে নির্জলা মিথ্যাচার ছাড়া আর কোনো কাজই হয় না। এটা গোয়েবলসকে ছাড়িয়ে গেছে। স্বয়ং সংসদ নেতা ও প্রধানমন্ত্রী মিথ্যাচার ও অসত্য তথ্য উপস্থাপন করছেন। সংসদে জনগণের কথা বলার সুযোগ নেই। মিথ্যাচার ও মণ্ডুপাত করা হয়।" সংসদে পরিবেশ সৃষ্টি হলে অবশ্যই বিএনপি ফিরে যাবে বলেও মন্তব্য করেন তিনি। এম কে আনোয়ার আরো বলেন, "সরকারি দল রাজনৈতিক মামলা প্রত্যাহারের নামে তাদের ৬ হাজার ৭ শ মামলা তুলে নিয়েছে। সেই মামলায় দেড় লাখ দাগি আসামিকে ছেড়ে দিয়েছে তারা। ওইসব আসামি আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপানোর কৌশল নিয়েছে।" ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, বাংলাদেশ জাতীয় পার্টি (মতিন) মহাসচিব আবু নাসের রহমাতুল্লাহ, বিএনপির মহিলা সাংসদ নীলুফার চৌধুরী মনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫০৫ ঘ.