ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঢাকা সিটি করপোরেশনের ৬৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহন মিয়ার দুই দিন হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছে আদালত।
মঙ্গলবার বিকালে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান মামলার তদন্ত কর্মকর্তা বংশাল থানার উপপরিদর্শক গণি মিয়া।
আসামি পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ও ব্যরিস্টার নাসিরউদ্দিন অসীম এর বিরোধিতা করে জামিনের আবেদন করেন।
মহানগর হাকিম ফারহানা ফেরদৌস শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে হেফাজত মঞ্জুর করেন।
তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সোমবার দুপুরে হরতাল চলাকালে সুরিটোলা মডেল প্রইমারি স্কুলের সামনে তানজিল পরিবহনের বাসে আগুন দেয় হরতাল কর্মসূচি পালনকারীরা। আর মোহন তাদের মদদ দেন।
এ ঘটনায় বাসচালক মো. খলিল হাওলাদার সোমবার রাতে বংশাল থানায় মামলা দায়ের করেন।
সোমবার নাজিরাবাজারের একটি শরীর চর্চা কেন্দ্র থেকে মোহন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২১১ ঘ.
bdnews24