২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির মিছিলে বাধা, ধাওয়া-ধাওয়ি

প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিলকারীদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া-ধাওয়ি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের সমর্থনে চট্টগ্রামে মিছিলকারীদের সঙ্গে পুলিশের কয়েকদফা ধাওয়া-ধাওয়ি হয়েছে। রোববার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বিএনপি নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিলে প্রস্তুতি নিলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে হটিয়ে দিলেও তারা ওই এলাকায় ফের জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা নগরীর কাজীর দেউরী ও নাসিমন ভবনের সামনে একটি সিএনজি অটো রিকশা ও জিপ ভাঙচুর করে। এর জের ধরে নগর বিএনপি কার্যালয় ও এর আশে পাশের এলাকার সড়কে বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে বিকাল চারটা থেকে বিএনপিকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হয়ে সমাবেশ করে। নগর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর কমিটির সভাপতি ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক অধিকার হরণ করে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। সমাবেশ-মিছিল গণতান্ত্রিক অধিকার দাবি করে তিনি বলেন, এ জুলুম সরকারের বিরুদ্ধে মানুষ তীব্র গণ আন্দোলন গড়ে তুলবে। সোমবারের হরতাল সফল করতে চট্টগ্রামবাসীর প্রতি আহবান জানান আমীর খসরু। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবীর, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২১৩৭ ঘ.