ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাশিমপুর কারাগারে বন্দি অসুস্থ বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে সুচিকিৎসার জন্য জামিনে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি।
রোববার দুপুরে রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিঙে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই দাবি জানান।
দেলোয়ার বলেন, "তিনি (সালাহউদ্দিন) হৃদরোগী। পুলিশি হেফাজতে বন্দি অবস্থায় তার ওপর নির্যাতন চালানো হয়েছে। কারাগারে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা মনে করি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা না হলে তার জীবন বিপন্ন হতে পারে। তাই বেসরকারি হাসপাতালে সুচিকিৎসার জন্য তাকে দ্রুত জামিনে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।"
যুদ্ধাপরাধের অভিযোগে বন্দি সালাহউদ্দিন কাদের চৌধুরী শুক্রবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে শনিবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে অ্যাম্বুলেন্সে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কার্ডিয়াক বিভাগে আনা হয়।
কিন্তু সেখানে তিনি চিকিৎসা নিতে অস্বীকৃতি জানালে সন্ধ্যার দিকে তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।
দেলোয়ার অভিযোগ করে বলেন, "সরকারি হাসপাতালে সালাহউদ্দিন কাদের চিকিৎসা নিতে চান না। কারণ, সেখানে চিকিৎসক ও কারা কর্তৃপক্ষের সদস্যরা তার ওপর শারীরিক নির্যাতনের সাক্ষ্য-প্রমাণগুলো নষ্ট করতে চায়। এ জন্য তিনি ও তার পরিবারের সদস্যরা বেসরকারি যে কোনো হাসপাতালে চিকিৎসা দাবি করেছেন।"
বেসরকারি হাসপাতালে গিয়ে কারাবন্দি নেতাদের চিকিৎসা নেওয়ার নজির তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেখ হাসিনাকে কানের চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম ল্যাব এইড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাহলে কেনো একজন বর্তমান সাংসদ ও সাবেক মন্ত্রী-উপদেষ্টা সালাহউদ্দিন কাদের চৌধুরী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন না। এটা সরকারের চরম নিষ্ঠুরতা ও প্রতিহিংসার বর্হিপ্রকাশ।''
একই সঙ্গে বর্তমান সংসদ সদস্য হিসেবে কারাগারে সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ডিভিশন প্রদান না করে সাধারণ কয়েদির সঙ্গে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে বলে অভিযোগ করেন দেলোয়ার।
গত ১৫ ডিসেম্বর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তারের পর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে পুলিশি হেফাজতে নির্মমভাবে নির্যাতনের ক্ষতচিহ্ন সম্বলিত বেশ কিছু আলোকচিত্র বিএনপি মহাসচিব সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
মুক্তিযুদ্ধের পর সরকারের চিহ্নিত ১৯৫জন যুদ্ধাপরাধীর বিচারের আবেদন সম্বলিত একটি রিট হাইকোর্টের খারিজ হওয়ার প্রসঙ্গ টেনে দেলোয়ার বলেন, "ওই রিট যেখানে খারিজ হয়ে গেছে সেখানে যার বিরুদ্ধে এখনো কোনো অভিযোগই গঠন হয়নি, তাকে এভাবে কারা অন্তরীণ রেখে নির্যাতন করা ও চিকিৎসা না দেওয়া ন্যায় বিচারের পরিপন্থী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৬০৭ ঘ.
bdnews24