ঢাকা, ফেব্র"য়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাধা দেওয়া হলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে সরকারকে হুঁশিয়ার করেছে বিএনপি। বিরোধী দলের অভিযোগ, হরতালের আগে থেকেই বিভিন্ন স্থানে তাদের কর্মীরা নির্যাতনের শিকার হচ্ছে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, "সরকারকে বলবো, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আড়িয়ল বিলের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমাদের বাধ্য করবেন না কঠিন কোনো কর্মসূচি দিতে।"
আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ কয়েকটি দাবিতে বিএনপি সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
দেলোয়ার বলেন, "হরতালকে সামনে রেখে সরকারের পুলিশ বাহিনী ও সন্ত্রাসী ক্যাডাররা বিএনপি নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালাচ্ছে।"
হরতাল আহ্বানের পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপি মহাসচিব বলেন, "অনেক দাবির নিয়ে আমরা এই হরতাল করছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন ধারণ আজ কঠিন হয়ে পড়েছে। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে গেছে। এটাই বাস্তবতা। কিন্তু এসব সমস্যার দিকে সরকারের কোনো নজর নেই।"
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, আবদুল হালিম, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন।
সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাাদক জাফরুল হাসান, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, ছাত্রদলের সহসভাপতি হায়দার আলী লেলিন প্রমুখ।
সংবাদ সম্মেলনের পর বিএনপি নেতারা নয়া পল্টন সড়কে পথচারীদের মধ্যে লিফলেট বিলি করেন। ওই সময়ে পুলিশ তাদের বাধা দেয় বলে বিএনপির অভিযোগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪৫০ ঘ.
bdnews24