২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবারের হরতালই শেষ নয়: খালেদা

সোমবারই (৭ ফেব্রুয়ারি) শেষ হরতাল নয়- এ কথা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, আগামীতে হরতালসহ আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2011, 03:14 PM

Updated : 24 Aug 2022, 02:27 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবারই (৭ ফেব্রুয়ারি) শেষ হরতাল নয়- এ কথা জানিয়ে খালেদা জিয়া বলেছেন, আগামীতে হরতালসহ আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে। শনিবার রাতে এক যোগদান অনুষ্ঠানে তিনি এরকম ঘোষণা দেন। খালেদা বলেছেন, "আমরা সরকারকে বলতে চাই- ৭ ফেব্র"য়ারি হরতালই শেষ হরতাল নয়। দ্রব্যমূল্যসহ জনগণের সমস্যার সমাধান না করলে আগামীতে হরতালসহ আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।" একইসঙ্গে দলে যোগ দেওয়া চট্টগ্রামের হৃদরোগ বিশেষজ্ঞ মহসিন জিল্লুর করিমকে আগামী সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবেও ঘোষণা দেন তিনি। এই আসনে বর্তমান সাংসদ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি বিএনপি থেকে পদত্যাগকারী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে রাতে এই যোগদান অনুষ্ঠান হয়। মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সংঘটিত ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামী করে মামলার প্রতিবাদে সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীতে এক সমাবেশ থেকে গত ২ ফেব্র"য়ারি এ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। সমাবেশে দলটির মহাসচিব বলেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ প্রকল্প বাতিল ও এ সংক্রান্ত ঘটনায় খালেদা জিয়াসহ সবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজার 'কেলেঙ্কারির' প্রতিবাদে সোমবারের এ হরতাল ডেকেছে বিএনপি। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারী স্থানীয়রা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে সোমবার। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে যার আসামি সংখ্যা ১৮ হাজার। একই ঘটনায় মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদাকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। ওই মামলায় আরো তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। মহসিন জিল্লুর করিমের বড় ভাই হোসেন জিল্লুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ছিলেন। মহসিন চট্টগ্রামের চন্দনাইশের অধিবাসী। খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মহসিন জিল্লুর বলেন, "অনেকদিন আগে চট্টগ্রাম-১৩ আসন আমাদের হাত থেকে চলে গেছে। আমাদের সবার লক্ষ্য হবে আগামীতে ওই আসনটি পুনরুদ্ধার করে ম্যাডামকে উপহার দেওয়া।" এ ব্যাপারে তিনি চট্টগ্রামে দলীয় নেতাদের সহযোগিতা চান। 'কর্মসূচি না দেওয়ায় জনগর্ণের ভর্ৎসনা' খালেদা জিয়া দেশের বর্তমান অবস্থানে সংকটজনক অভিহিত করে বলেন, "এ সরকারের দেশের মানুষের সমস্যা সমাধানের দিকে নজর নেই। তারা ব্যস্ত লুটপাট ও দুর্নীতিতে। "এজন্য দেশের মানুষ আজ সরকারের প্রতি অতিষ্ঠ হয়ে আমাদের ভর্ৎসনা করে- কেন তোমরা এখনো কর্মসূচি দিচ্ছ না। আমরা জনগণকে বলছি- আওয়ামী লীগ কী জিনিস তা অনুধাবন করতে হবে।" চারদলীয় জোট সরকারের সময়ে আওয়ামী লীগ 'অহেতুক' হরতাল দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বলে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মামলা প্রত্যাহার দাবি বিএনপি বর্তমান সরকারের আমলে দুই বছরে ৭ ফেব্র"য়ারির হরতালসহ মাত্র চারটি হরতাল দিয়েছে বলে খালেদা জিয়া তার বক্তব্যে উল্লেখ করেন। মুন্সীগঞ্জের আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ সিদ্ধান্তের প্রতিবাদে সহিংসতার ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিও জানান বিরোধীদলীয় নেতা। খালেদা বলেন, "নতুন বিমানবন্দরের মতো অপ্রয়োজনীয় খাতে অর্থ ব্যয় করছে সরকার। এটা না করে, বিমানবন্দরের জন্য প্রাপ্য অর্থ যানজট নিরসনে, সংযোগ সড়ক নির্মাণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভর্তুকি প্রদান, বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যা সমাধানে বরাদ্দ করুন। এতে জনগণের উপকার হবে।" চালের দাম প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, "উনি [শেখ হাসিনা] ঠিক কথা বলেননি। ৯৬ সালে নয়, ২০০৮ সালেই তিনি বলেছেন, নির্বাচিত হলে ১০ টাকা কেজিতে চাল খাওয়াবেন। "মানুষের স্মৃতিশক্তি এতো লোপ পায়নি, যে তারা সব কিছু ভুলে যাবে। আমরা তার [শেখ হাসিনা] ওই বক্তব্য তথ্য প্রমাণসহ দেখাতে পারব।" চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে দলের সহসভাপতি এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, উপ কোষাধ্যক্ষ এস এম ফজলুল হক, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি এনামুল হক, সাতকানিয়া উপজেলা সাধারণ সম্পাদক এখছানুল মৌলাসহ চন্দ্রনাইশ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৩৩ ঘ.