সাভার, ফেব্র"য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের ওপর হামলার অভিযোগে ঢাকার সাভারে আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ মামলা করেছে।
সাভার মডেল থানায় করা এ মামলায় নাম উল্লেখ করে ১৭ জন ও অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশের ওপর হামলার অভিযোগে শুক্রবার রাতে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে পাঁচ দিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মামলার আসামিরা হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফকরুল আলম সমর, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, হাসান, ইয়াদ আলী, সাভার থানা ছাত্রলীগের সভাপতি সায়েম মোল্লা, আলী হোসেন, সালামত, শহিদুল ইসলাম ওরফে সইহা, শরীফ উদ্দিন আকাশ, মিলন, আইয়ুব আলী ওরফে কুটি, পারভেজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, মো. জাহিদ, মো. শাহাদাৎ ও রতন সাহা।
গ্রেপ্তাররা হলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, মো. জাহিদ ও মো. শাহাদাৎ।
সাভার থানার ওসি মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে সাভার বাজার বাসস্ট্যান্ডে হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক ও ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান আতাকে মারধর ও সমিতির অফিস ভাংচুর করে বিবদমান পক্ষ।
এ ঘটনায় আতাউর রহমান আতা শুক্রবার সকালে সাভার থানায় উপজেলা হকার্স লীগের সাধারণ সম্পাদক কাদের মোল্লাকে আসামি করে একটি মামলা (নং-১২) দায়ের করেন। ওই দিন দুপুরে কাদের মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
ওসি জানান, কাদের মোল্লাকে থানা থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিকাল ৩টার দিকে আসামিরা চাপাতি, চাইনিজ কুড়াল, ক্রিজ, হকিস্টিক, রাম দাসহ বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে থানার সামনে অবস্থান নেয়।
পুলিশ তাদের বাঁধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। ইটের আঘাতে উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান, কনস্টেবল পান্নু শিকদার ও আব্দুস সালাম আহত হয়।
ওসি বলেন, তাদের নিক্ষিপ্ত ইটের আঘাতে থানা ভবনের দরজা ও জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
এক পর্যায়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তাদের ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যায়।
ঘটনাস্থল থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
পুলিশের দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত তিন জনকে ৫দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এসআই আমিনুল ইসলাম আরো জানান, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাদের মোল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন খান ইমুর নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী শুক্রবার বিকালে সাভার থানার মূল ফটকে অবস্থান নেয়।
পুলিশ তাদের শান্ত করার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের বাগবিতণ্ডা হয়। এসময় র্যাব-৪'র দুটি দল ঘটনাস্থলে আসে।
পুলিশ ও র্যাব লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়।
হাসিনা দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ মিথ্যা অভিযোগে কাদের মোল্লাকে গ্রেপ্তার করেছে। শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করার সময় পুলিশ আমাদের কর্মীদের লাঠিপেটা করেছে।"
তিনি বলেন, "পুলিশের দায়ের করা মামলাটি মিথ্যা ও ভিত্তিহীন। আমাদের হয়রানি করার উদ্দেশ্যে পুলিশ এ মামলা করেছে।"
নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানির ঘটনা তারা কেন্দ্রীয়ভাবে মোকাবেলা করবেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৪৪ ঘ.
bdnews24