ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র রাজনীতির অবক্ষয়ে হতাশা প্রকাশ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, এখন নেতা হতে রাজনীতি করার প্রয়োজন হয় না।
বুধবার বিকালে মুক্তিযুদ্ধ জাদুঘরে '৬৯ এর গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের সংগঠক সাইফউদ্দিন আহমেদ মানিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।
ষাটের দশকের সঙ্গে বর্তমান সময়ের রাজনীতির তুলনা করে সেই সময়ের ছাত্রনেতা তোফায়েল বলেন, "রাজনীতি এখন আর রাজনীতিবিদদের হাতে নেই। বর্তমানে ছাত্র সংগঠনগুলোকে দেখলে নিজেকে অপরাধী মনে হয়।"
ষাটের দশক থেকে শুরু করে নব্বইয়ের দশক পর্যন্ত ডাকসুর সব সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করে তিনি বলেন, "ওই সময় রাজনীতিতে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। তখন ছাত্র সংগঠনগুলোতে প্রতি বছর কাউন্সিল হতো। আমি ছাত্রলীগের সভাপতি ছিলাম মাত্র নয় মাস। কিন্তু এখন আর নেতৃত্ব তৈরি হচ্ছে না।"
"এখন আর রাজনীতি করে নেতা হতে হয় না। আন্দোলন করতে হয় না, সংগ্রাম করতে হয় না, জেলে যেতে হয় না। অনেকেই নেতা হয়ে তারপর রাজনীতি করেন। এ কারণে বর্তমান নেতাদের সঙ্গে সমাজের কোনো সম্পর্ক নেই", বলেন তোফায়েল।
সাইফউদ্দিন আহমেদ মানিকের তৃতীয় মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাশেদ খান মেনন, কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, কলামিস্ট অজয় রায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/জেকে/২১২৬ ঘ.
bdnews24