২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতন সহিংসতা পরিহার করুন: দেলোয়ার

সরকারকে 'নির্যাতন ও সহিংসতার পথ' পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে 'নির্যাতন ও সহিংসতার পথ' পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার বিকালে রাজধানীর মুক্তাঙ্গনে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, "আড়িয়ল বিলে অপ্রয়োজনীয় বিমানবন্দর নির্মানের পরিকল্পনা বন্ধ করুন। নির্যাতন চালিয়ে রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় থাকা যাবে না।" এ বিক্ষোভ সমাবেশ থেকে তিনি ৭ ফেব্র"য়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচিও ঘোষণা করেন। মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সংঘটিত ঘটনায় খালেদা জিয়াকে প্রধান আসামী করে মামলার প্রতিবাদে রাজধানীর মুক্তাঙ্গনে এ সমাবেশ করে বিএনপি। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের বিরোধিতাকারী স্থানীয়রা ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে সোমবার। এ সময় পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। ওই ঘটনায় পুলিশ তিনটি মামলা করে যার আসামি সংখ্যা ১৮ হাজার। একই ঘটনায় মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন খালেদাকে প্রধান আসামি করে মুন্সীগঞ্জের বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলা করেন জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন। ওই মামলায় আরো তিন হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ওই বিমানবন্দর প্রকল্পকে 'অপ্রয়োজনীয়' দাবি করে খোন্দকার দেলোয়ার বলেন, "মানুষের বাপ-দাদার জমি দখল করে বিমানবন্দর করা যাবে না। এটা ভ্রান্ত পথ। এ থেকে সরকারকে সরে আসতে হবে।" তিনি বলেন, "মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে সরকার সেই এলাকা জনশূন্য করে ফেলেছে। এলাকাবাসীর ঘর-বাড়িতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।" "এভাবে নির্যাতন করে সরকার ভুল করছে।" পৌর ও উপনির্বাচনে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে 'কারচুপির অভিযোগ' এনে তিনি বলেন, "বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ কমিশন। তারা নির্বাচন কমিশন কারচুপির মাস্টার হিসেবে চিহ্নিত হয়ে গেছে।" বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে আবারো তাদের পদত্যাগ দাবি করেন বিএনপি মহাসচিব। দলের সহসভাপতিসেলিমা রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪১ ঘ.