২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ বন্ধের দাবি খালেদার

আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 02:25 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়িয়ল বিলে বিমান বন্দর নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। মঙ্গলবার রাতে ঢাকা বারের আইনজীবীদের এক পরিচিতি সভায় তিনি সরকারের কাছে এ দাবি জানান। খালেদা বলেন, "মানুষের জমি দখল করে বিমানবন্দর নির্মাণ বন্ধ করতে হবে। এর বিরুদ্ধে আমরা কথা বলছি, ভবিষ্যতেও বলব। জনগণের অধিকার রক্ষায় তাদের পাশে থাকব। এ থেকে কেউ আমাদের বিরত রাখতে পারবে না।'' মুন্সিগঞ্জের শ্রীনগরে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আড়িয়ল বিল রক্ষা কমিটির ডাকে স্থানীয় জনতা সোমবার ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে। অবরোধের সময় সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়। আহত হয় অর্ধশত। শ্রীনগরে সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলার প্রতিটিতে ৬-৭ হাজার জনকে আসামি করেছে পুলিশ। ওই সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার দুপুরে বিরোধী দলীয নেতা খালেদা জিয়াকে প্রধান আসামি করে আদালতে একটি মামলা হয়েছে। ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে জাতীয়তাবাদী সমর্থিত প্যানেলের এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এ প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট ইকবাল আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৩ ও ২৪ ফেব্র"য়ারি ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। খালেদা জিয়া ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় প্যানেলকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন। দেশে নতুন আন্তর্জাতিক বিমান বন্দরের কোনো প্রয়োজন নেই বলে মনে করেন বিএনপি চেয়ারপারসন। তিনি বলেন, "ঢাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, যার মাত্র ২৭ শতাংশ ব্যবহৃত হচ্ছে। সেখানে আরেকটি বিমানবন্দরের কোনো প্রয়োজন নেই।'' বিরোধী দলীয় নেতা আড়িয়ল বিলের স্থানীয় জনগণের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অঙ্গীকার করেন যে, জনগণের স্বার্থ রক্ষায় বিএনপি সব সময় তাদের পাশে আছে, আগামীতেও থাকবে। বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারের মামলা দায়েরের সমালোচনা করে খালেদা বলেন, "এ সরকার জনগণকে ভাত-কাপড় দিতে পারছে না। গ্যাস দিতে পারে না। প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। এসবের জন্য সরকারের বিরুদ্ধেই মামলা হওয়া উচিত।'' তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, "এখন মামলা না হলেও ভবিষ্যতে তাদের (আওয়ামী লীগ ) বিরুদ্ধে মামলা হবেই। সরকারকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।'' মুন্সীগঞ্জের শ্রীনগরে সোমবারের সংঘর্ষের ঘটনায় স্থানীয় জনগণের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতি ইঙ্গিত করে বিরোধী দলীয় নেতা বলেন, সরকার মনে করছে যাকে খুশি তার বিরুদ্ধে মামলা দিয়ে, গ্রেপ্তার করে মুখ বন্ধ করে রাখবে। তা হবে না, জনগণ মেনে নেবে না। তিনি সরকারের বিরুদ্ধে 'মানবাধিকার লংঘনের' অভিযোগ করেন। সবক্ষেত্রে সরকার 'ব্যর্থ' হয়েছে দাবি করে খালেদা আরো বলেন, "বিভিন্ন দেশে মানুষ আজ গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলনে নেমেছে। আমাদের দেশেও মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। এ ব্যর্থ সরকারকে সংগ্রামের মাধ্যমে হটাতে হবে।" ঢাকা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীনসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.