ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশ এবং সহিংসতার কারণে বাতিল হওয়া চার পৌরসভায় এবার ইলেকট্রনিক (ই ভোট) ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
চার পৌরসভা হচ্ছে- নোয়াখালীর সেনবাগ পৌরসভা, ঝালকাঠি, ঝিনাইদহ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভা।
এর মধ্য দিয়ে দেশে দ্বিতীয় বারের মতো স্থানীয় নির্বাচনে এ পদ্ধতি চালু হবে। গত বছরের ১৭ জুন প্রথমবারের মতো দেশের ইতিহাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি মাত্র ওয়ার্ডে (জামালখান) ই ভোটিং হয়।
মার্চের শেষ দিকে এসব নির্বাচন করা হবে বলে জানান এম সাখাওয়াত।
গত ১২, ১৩, ১৭, ১৮ ও ২৭ জানুয়ারি ২৫৪ পৌরসভায় নির্বাচন হয়।
এর মধ্যে ব্যালট পেপার ছিনতাই ও নির্বাচনী কর্মকর্তাকে মারধরের ঘটনায় সেনবাগ পৌরসভার নির্বাচন বাতিল করা হয়। এছাড়া নির্বাচনের আগে ঝিনাইদহে সহিংসতা, খাগড়াছড়ির রামগড়ে মনোনয়নপত্র দাখিলে বাধা ও ভোটার তালিকা নিয়ে আইনি জটিলতায় নির্বাচন স্থগিত করা হয়। আদালতের নির্দেশে বাতিল হয় ঝালকাঠি পৌরসভা নির্বাচন।
এম সাখাওয়াত বলেন, "নির্বাচন স্থগিত হওয়া পৌরসভাগুলোয় তদন্ত শেষে শিগগির তফসিল দেওয়া হবে। আদালতের নির্দেশনা মেনে ঝালকাঠির ভোটার তালিকাও চূড়ান্ত করা হবে। এছাড়া যেগুলোয় কোনো তদন্ত হচ্ছে না সেগুলোরও একসঙ্গে তফসিল ঘোষণা করা হবে।"
সাখাওয়াত হোসেন বলেন, "ই ভোটের মাধ্যমে এবার প্রত্যন্ত অঞ্চলে ব্যালট বাক্স ও ব্যালট পেপারের ব্যবহার কতখানি কমানো যায় তাও জানা যাবে।"
তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ই ভোটিং ব্যবহারের কোনো পরিকল্পনা নেই বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/১৭১৫ ঘ.
bdnews24