২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপনির্বাচনে বিজয়ী দুজন শপথ নিলেন

ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 10:12 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া-৩ এবং হবিগঞ্জ-১ আসনের উপনির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে মঙ্গলবার তাদের শপথ পড়ান স্পিকার আবদুল হামিদ। বিকাল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী শপথ নেন। এরপর সাড়ে ৩টায় শপথ নেন হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে বিজয়ী বিএনপির শেখ সুজাত মিয়া। হবিগঞ্জ-১ ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন হয় গত ২৭ জানুয়ারি। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোকতাদির ১ লাখ ২৫ হাজার ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খালেদ হোসেন মাহবুব শ্যামল পান ৮৪ হাজার ৬৩১ ভোট। হবিগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী শেখ সুজাত মিয়া ৮১ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ডা. মুশফিক হোসেন চৌধুরী পান ৮০ হাজার ৪৫ ভোট। গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য দেওয়ান ফরিদ গাজী এবং ২২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুতে আসন দুটি শূন্য হয়। দেওয়ান ফরিদ গাজী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৬১০ ঘ.