চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আওয়ামী লীগের দু'পক্ষের পাল্টাপাল্টি কারণ দর্শানোর নোটিশ ও 'অব্যাহতি'র পর এবার দ্বন্দ্ব নিরসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারীরা।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে 'মহানগর আওয়ামী লীগ' আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু ও সাবেক গণপরিষদ সদস্য বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়া।
নগর কমিটির সভাপতি মহিউদ্দিন চৌধুরী উপস্থিত থাকলেও তিনি কোনো বক্তব্য দেননি। লিখিত বক্তব্য পড়ে শোনান ইনামুল হক দানু।
গত ২৩ জানুয়ারি মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নগর কমিটির বর্ধিত সভায় চার নেতার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়।
এর প্রতিক্রিয়ায় ২৯ জানুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে মহিউদ্দিনবিরোধীরা পাল্টা 'প্রতিনিধি সভা' করে মহিউদ্দিন-দানুকে 'অব্যাহতি' দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সংবাদ সম্মেলনে ইসহাক মিয়া বলেন, "বর্তমান পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যা সভানেত্রী শেখ হাসিনাকে উদ্যোগ নিতে হবে। যখন দেশে যুদ্ধাপরাধীদের বিচার কাজ শুরু হয়েছে, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া যখন সরকারকে হুমকি দিচ্ছেন, তখন দলের মধ্যে এ ধরনের বিরোধ থাকা উচিত নয়।"
দানু বলেন, "দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সরকার পরিচালনায় ব্যস্ত থাকায় হয়তো পর্যাপ্ত সময় দিতে পারছেন না। তবে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে সভানেত্রী যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারেন।"
লিখিত বক্তব্যে দানু বলেন, "মন্ত্রীর (আফসারুল আমীন) নেতৃত্বে 'বিভ্রান্ত' অংশের নেতারা ১০ জানুয়ারি লালদীঘির ময়দানে সভা করেন। এছাড়া তারা নির্বাহী কমিটির একাধিক সভায় অনুপস্থিত ছিলেন। তাই তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছে।"
ওই নেতারা তাদের বিষয়ে যুক্তি তুলে ধরবেন আশা প্রকাশ করে দানু বলেন, "আমরা আন্তরিকতার সঙ্গে তাদের জবাব বিবেচনা করবো।"
মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত হয়, তারা হলেন- নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, সহ- সভাপতি ও সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি, যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন বাবুল এবং কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
বিরোধী পক্ষের প্রতি ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে দানু বলেন, "উনারা বলেন, নগর কমিটি মেয়াদোত্তীর্ণ। তাহলে আমাদের অব্যাহতি দেন কীভাবে?"
গত সিটি কর্পোরেশন নির্বাচনের সময় থেকে চট্টগ্রাম আওয়ামী লীগে দ্বন্দ্ব প্রকট হয়ে দেখা দেয়। দলের বিরোধই মহিউদ্দিনের পরাজয়ের কারণ বলে তার অনুসারীরা মনে করেন।
ইসহাক মিয়া বলেন, "নির্বাচনের আগে ঢাকায় অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের নেতারা কথা দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাজ করবেন। অথচ ভোট গ্রহণের দিন এক নেতা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে বললেন- আপনারা যাকে খুশি তাকে ভোট দিতে পারেন।"
মহিউদ্দিনবিরোধীদের 'মার্জিত ভাষায়' কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তাদের কেউ নমিনেশন পাগলা, কেউ সভাপতি পাগলা আর কেউ প্রধান অতিথি পাগলা।"
নগর কমিটির মেয়াদ তিন বছর উল্লেখ করে দানু জানান, দলীয় গঠনতন্ত্র অনুসারে পরবর্তী কাউন্সিল হওয়ার আগ পর্যন্ত আগের কমিটিই বহাল থাকবে।
ইসহাক মিয়া বলেন, "নগর কমিটির বয়স চার বছর সাত মাস হয়েছে। এ কমিটি আরো দুবছর থাকলেও মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।"
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে দানু আরো বলেন, নগর আওয়ামী লীগের প্রথম কাউন্সিল হয় ১৯৮০ সালে। দ্বিতীয় ও তৃতীয় কাউন্সিল হয় যথাক্রমে ১৯৮৬ ও ১৯৯৬ সালে। এর ১০ বছর পর ২০০৬ সালে চতুর্থ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিলো।
মহিউদ্দিনবিরোধীদের ওপর 'যুদ্ধাপরাধীদের অশুভ অপশক্তি' ভর করেছে দাবি করে দানু বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে নসাৎ করতে এদের মধ্যে অনুপ্রবেশকারী কেউ না কেউ আছেন।"
সংবাদ সম্মেলনে নগর কমিটির দুই সহ- সভাপতি সুনীল সরকার ও বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক এমএ রশিদ ও বদিউল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, নগর যুবলীগ সভাপতি চন্দন ধর, সাবেক ছাত্রলীগ নেতা আজম নাছির উদ্দিন, ছাত্রলীগ সভাপতি এমআর আজিম, কাউন্সিলর জহর লাল হাজারী ও সাবেক কাউন্সিলর এম এ নাসের উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/এমআই/পিডি/১৭৫১ ঘ.
bdnews24