২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর কর ফাঁকি মামলার অভিযোগ গঠন পিছিয়েছে

জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 10:01 AM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে কর ফাঁকির মামলায় অভিযোগ গঠনের শুনানি দ্বিতীয়বারের মতো পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনে মঙ্গলবার ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজ্জামেল হোসেন আগামী ১৫ ফেব্র"য়ারি শুনানির পরবর্তী দিন ঠিক করেছেন। গত ২ জানুয়ারি এ মামলায় সাঈদী হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পান। সাঈদীর আইনজীবী আব্দুর রাজ্জাক মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় সাইদী হাইকোর্ট থেকে জামিন পেলেও যুদ্ধাপরাধ মামলায় তিনি কারাগারে রয়েছেন। মঙ্গলবার শুনানির ধার্য দিনে সাঈদীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি। এর আগে ৪ জানুয়ারি অভিযোগ গঠনের ধার্য দিনে সাইদীকে কারাগার থেকে আদালতে আনা হলেও ওইদিন তার পক্ষে শুনানির জন্য সময় চাওয়া হয়। গত বছরের ১৯ অগাস্ট সাঈদীর বিরুদ্ধে মামলাটি করেন জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মাসুমা খাতুন। মামলায় বলা হয়, সাঈদী ২০০২ থেকে ২০১০ পর্যন্ত করবর্ষে সাঈদী ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকার কর ফাঁকি দিয়েছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামায়াতের নায়েবে আমির সাঈদীকে গত ৩০ জুন গ্রেপ্তার করা হয়। পরে যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৫৫৪ ঘ.